স্ত্রীর আত্মহত্যার এক সপ্তাহের মাথায় বিষপানে স্বামীর মৃত্যু, মা-বাবাকে হারিয়ে শোকের সাগরে তিন অবুঝ শিশু
- আপলোড সময় : ০৬-১০-২০২৬ ০১:০০:৫৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৬-১০-২০২৬ ০১:০০:৫৮ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতকে মাত্র সাত দিনের ব্যবধানে মা ও বাবাকে হারিয়ে চরম অনিশ্চয়তা ও শোকের সাগরে ভাসছে ৩টি অবুঝ শিশু। স্ত্রী গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার এক সপ্তাহের মাথায় এবার বিষপানে প্রাণ হারিয়েছেন স্বামী তোফাজ্জল হোসেন (৩০)। হৃদয়বিদারক এই ঘটনাটি ঘটেছে উপজেলার দোলার বাজার ইউনিয়নের মঈনপুর গ্রামে।
স্থানীয় সূত্র জানায়, তোফাজ্জল হোসেনের মূল বাড়ি একই উপজেলার উত্তরকূর্শী গ্রামে হলেও বিয়ের পর থেকে তিনি মঈনপুর গ্রামে শ্বশুরবাড়ির এলাকায় স্থায়ীভাবে পরিবার নিয়ে বসবাস করছিলেন। তাদের সংসারে তিনটি ছোট সন্তান রয়েছে।
জানাযায়, গত এক সপ্তাহ আগে নিজ ঘর থেকে তোফাজ্জলের স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। স্ত্রীর এই আকস্মিক মৃত্যুতে চরম মানসিক অস্থিরতা ও গভীর শোকে ভেঙে পড়েন তোফাজ্জল। সেই শোক সইতে না পেরে ঘটনার এক সপ্তাহের মাথায় তিনি বিষপান করেন। মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়ার সহায়তায় তাকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বর্তমানে তার লাশ ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রয়েছে।
মাত্র সাত দিনের ব্যবধানে বাবা-মা উভয়কে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে এই দ¤পতির তিন শিশু সন্তান। মা-বাবার অকাল প্রস্থানে ছোট শিশুগুলোর কান্না ও অনিশ্চিত ভবিষ্যৎ দেখে অশ্রু সংবরণ করতে পারছেন না স্বজন ও প্রতিবেশীরা। মর্মান্তিক এই ঘটনায় মঈনপুর ও উত্তরকূর্শী গ্রামজুড়ে নেমে এসেছে গভীর শোকের ছায়া।
এদিকে ঘটনার ক্ষোভ প্রকাশ করে মঈনপুর ১ নম্বর ওয়ার্ডের সদস্য আলাল মিয়া জানান, ঘটনার বিষয়ে জাহিদপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ আব্দুর রহমানকে তাৎক্ষণিক জানানো হলেও তিনি ঘটনাস্থলে আসেননি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি