ছাতকে চারলেন সড়কের মাটি খুঁড়তে গিয়ে গ্যাসের মেইন লাইনে আগুন
- আপলোড সময় : ০৫-১০-২০২৬ ১২:৫৯:৩০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৫-১০-২০২৬ ১২:৫৯:৩০ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক পৌরসভা এলাকার চারলেন সড়কে মাটি খুঁড়তে গিয়ে জালালাবাদ গ্যাসের প্রধান (মেইন) পাইপলাইনের লিকেজ থেকে অগ্নিকা-ের ঘটনা ঘটেছে। রবিবার পৌর এলাকার জালালিয়া মাদ্রাসার সামনে এই ঘটনা ঘটে। এর ফলে নিরাপত্তার স্বার্থে পুরো এলাকার বাসা-বাড়ির গ্যাস সংযোগ সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, ছাতক শহর থেকে পাগল হাসান চত্বর পর্যন্ত চারলেন সড়ক সম্প্রসারণের কাজ চলমান রয়েছে। রবিবার জালালিয়া মাদ্রাসার সামনে সড়কের মাটি খোঁড়ার সময় এস্কেভেটর বা শ্রমিকদের অসাবধানতায় মাটির নিচে থাকা জালালাবাদ গ্যাসের মূল পাইপলাইনটি ক্ষতিগ্রস্ত হয়। মুহূর্তের মধ্যে সেখান থেকে উচ্চ চাপে গ্যাস বের হতে থাকে এবং তীব্র বেগে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা দ্রুত সড়কে ছড়িয়ে পড়লে পুরো এলাকায় চরম আতঙ্ক ও উৎকণ্ঠার সৃষ্টি হয়। প্রাণভয়ে আশপাশের ব্যবসায়ী, পথচারী ও স্থানীয় বাসিন্দারা দিগি¦দিক ছুটোছুটি শুরু করেন। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে ছুটে আসে ছাতক ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি দল। তাদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আসে। ফায়ার সার্ভিসের দ্রুত পদক্ষেপের কারণে বড় ধরনের কোনো দুর্ঘটনা বা ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পেয়েছেন স্থানীয় ব্যবসায়ী ও এলাকবাসী।
সড়ক বিভাগ ও গ্যাস কর্তৃপক্ষের মধ্যে কোনো পূর্ব-সমন্বয় না থাকার কারণেই এই দুর্ঘটনা ঘটেছে বলে অভিযোগ উঠেছে। এ বিষয়ে জানতে চাইলে জালালাবাদ গ্যাস ট্রান্সমিসন অ্যান্ড ডিস্ট্রিবিউশন সিস্টেম লিমিটেডের ছাতক আঞ্চলিক বিতরণ কার্যালয়ের দায়িত্বরত কর্মকর্তা আবদুল আজিজ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এখানে নতুন করে চারলেন সড়কের কাজ চলছে। কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে আমাদের সাথে আগে থেকে কোনো সমন্বয় না করেই এই কাজ শুরু করা হয়েছে।
তিনি আরও বলেন, মাটি খুঁড়তে গিয়ে আজ গ্যাসের মূল লাইনে লিকেজ হয়ে আগুন ধরে যায়। তবে ফায়ার সার্ভিসের সহযোগিতায় তাৎক্ষণিকভাবে আগুন পুরোপুরি নিয়ন্ত্রণ করা সম্ভব হওয়ায় কোনো হতাহত বা বড় ধরনের ক্ষয়ক্ষতি হয়নি। আমাদের কারিগরি দল ইতিমধ্যে ক্ষতিগ্রস্ত পাইপলাইন মেরামতের কাজ শুরু করেছে। দ্রুততম সময়ের মধ্যে লাইন মেরামত স¤পন্ন করে এলাকার বাসা-বাড়িতে গ্যাস সরবরাহ পুনরায় স্বাভাবিক করার চেষ্টা চলছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি