বিমানবন্দরে বিশৃঙ্খলা-তর্কবিতর্ক : জামায়াতের আখতারুজ্জামান গ্রেপ্তার
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ১১:১৬:০১ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ১১:১৬:০১ অপরাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
হযরত শাহজালাল বিমানবন্দরের নির্বাহী পরিচালককে (ইডি) হুমকি ও নিরাপত্তা সুপারভাইজারকে মারধরের অভিযোগে মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। শুক্রবার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন ডিবিপ্রধান অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। তিনি বলেন, ক্যান্টনমেন্ট এলাকায় নিজ বাসভবন থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
এর আগে শুক্রবার ভোরে বিমানবন্দর থানায় মামলাটি করেন বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) নিরাপত্তা কর্মকর্তা শাহরিয়ার আলম সজিব। বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল হাসান তালুকদার বলেন, সিভিল এভিয়েশনের নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে মেজর (অব.) আখতারুজ্জামানের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হুমকি দেওয়ার অভিযোগে মামলা করেছেন। বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।
গত বৃহ¯পতিবার সকালে মদিনা থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটের ওমরাহ যাত্রীদের জমজমের পানি সরবরাহে বিলম্ব নিয়ে আখতারুজ্জামানের উচ্চবাচ্যের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে তাকে বিমানবন্দরের নির্বাহী পরিচালকের উদ্দেশে হুমকিসূচক বক্তব্য দিতে দেখা যায়।
উল্লেখ্য, বিএনপি থেকে পাঁচবার বহিষ্কৃত হওয়া সাবেক সংসদ সদস্য ও বীর মুক্তিযোদ্ধা মেজর (অব.) আখতারুজ্জামান গত বছরের ১৩ ডিসেম্বর জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। এ দিন দলটির শীর্ষস্থানীয় নেতাদের উপস্থিতিতে সংগঠনের প্রাথমিক সহযোগী সদস্য ফরম পূরণ করে আনুষ্ঠানিকভাবে জামায়াতে যোগ দেন তিনি।
আখতারুজ্জামানের বাড়ি কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলায়। কিশোরগঞ্জ-২ আসন থেকে বিএনপির মনোনয়ন নিয়ে ১৯৯১ ও ১৯৯৬ সালে টানা দুবার সংসদ সদস্য নির্বাচিত হন তিনি। তখন আসনটি কেবল কটিয়াদী উপজেলা নিয়েই ছিল। এখন এই আসনে পাকুন্দিয়া উপজেলাও যুক্ত হয়েছে। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে ধানের শীষ প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করে পুলিশের সাবেক আইজি নৌকার নূর মোহাম্মদের কাছে হেরে যান আখতারুজ্জামান। তিনি জেলা বিএনপিরও সভাপতি ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক