টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শকে মাছ শিকার, সরঞ্জাম জব্দ
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ০৯:০৬:৪৩ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওরে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম জব্দ করেছেন আনসার সদস্যরা। বৃহ¯পতিবার (১ অক্টোবর) ভোররাতে হাওরের তেকুইনিয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালিয়ে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেটজালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রিপামনি দেবীর নির্দেশনায় রূপনগর আনসার ক্যাম্পের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।
আনসার ক্যা¤প সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বৃহ¯পতিবার ভোররাতে তেকুইনিয়ার বেরবেরিয়া বিলে অভিযান চালানো হয়। এ সময় হাওরের বাঁধসংলগ্ন উঁচু স্থানে ইলেকট্রিক শক দিয়ে মাছ শিকারের সরঞ্জাম ফেলে পালিয়ে যায় অসাধু জেলেরা। পরে ঘটনাস্থল থেকে তিনটি ১২ ভোল্টের ব্যাটারি, ইলেকট্রনিক নেটজালসহ বিভিন্ন সরঞ্জাম জব্দ করেন আনসার সদস্যরা।
স্থানীয় বাসিন্দারা জানান, দীর্ঘদিন ধরে হাওরের পাড়ে একটি চক্র বিভিন্ন অবৈধ সরঞ্জাম ব্যবহার করে মাছ শিকার করছে। এতে দেশীয় মাছের বংশবিস্তার ও হাওরের জীববৈচিত্র্য হুমকির মুখে পড়ছে। তাদের অভিযোগ, অবৈধভাবে মাছ ধরার সরঞ্জাম জব্দ করা হলেও এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনা যাচ্ছে না। হাওরপাড়ের কিছু বাসিন্দাও এ কাজে জড়িতদের সহায়তা করছেন বলে অভিযোগ রয়েছে।
স্থানীয়রা অবৈধভাবে মাছ শিকারের সঙ্গে জড়িত ব্যক্তিদের চিহ্নিত করে আইনের আওতায় আনা এবং তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রিপামনি দেবী বলেন, টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য, প্রকৃতি, পরিবেশ ও দেশীয় মাছের প্রজনন রক্ষায় প্রশাসনের পক্ষ থেকে অভিযান অব্যাহত থাকবে। কোনো ধরনের অনিয়ম বরদাশত করা হবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ