সুনামগঞ্জ সদর হাসপাতালে কিডনি ডায়ালাইসিস সেন্টার দ্রুত চালু হোক
- আপলোড সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৯-২০২৬ ০৯:৫১:২৮ পূর্বাহ্ন
সুনামগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট সদর হাসপাতালে ১০ শয্যার কিডনি ডায়ালাইসিস সেন্টার চালুর উদ্যোগ নিঃসন্দেহে জেলার স্বাস্থ্যসেবায় একটি গুরুত্বপূর্ণ সংযোজন। দীর্ঘদিন ধরে কিডনি রোগীদের নিয়মিত ডায়ালাইসিসের জন্য সিলেটসহ জেলার বাইরে ছুটতে হচ্ছে। এতে চিকিৎসার ব্যয়ের পাশাপাশি যাতায়াত, থাকা-খাওয়া এবং সময়ের বাড়তি চাপ বহন করতে হচ্ছে রোগী ও স্বজনদের। বিশেষ করে হাওরাঞ্চলের নিু ও মধ্যবিত্ত পরিবারের জন্য এই ব্যয় অনেক সময় চিকিৎসার পথেই বড় বাধা হয়ে দাঁড়ায়। সেই বাস্তবতায় সদর হাসপাতালে ডায়ালাইসিস সেবা চালুর উদ্যোগ স্বস্তির খবর।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্যসেবা বিভাগের ২৪ সেপ্টেম্বরের প্রজ্ঞাপনে দেশের ৪৪টি জেনারেল ও জেলা সদর হাসপাতালে ১০ শয্যাবিশিষ্ট কিডনি ডায়ালাইসিস সেন্টার স্থাপনের জন্য রাজস্ব খাতে অস্থায়ীভাবে ৩৯৬টি পদ সৃষ্টির কথা জানানো হয়েছে। প্রতিটি হাসপাতালে ছয়টি সিনিয়র স্টাফ নার্স ও তিনটি মেডিকেল টেকনিশিয়ান (ডায়ালাইসিস) পদ রাখার সিদ্ধান্তও হয়েছে। ফলে সুনামগঞ্জ সদর হাসপাতালেও প্রয়োজনীয় জনবল কাঠামোর সুযোগ তৈরি হয়েছে।
কিন্তু শুধু শয্যা প্রস্তুত করলেই হবে না; প্রয়োজন দ্রুত পূর্ণাঙ্গ সেবা নিশ্চিত করা। হাসপাতাল কর্তৃপক্ষ ইতোমধ্যে ১০টি বেড প্রস্তুত থাকার কথা জানিয়েছে। এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো প্রয়োজনীয় জনবল দ্রুত নিয়োগ বা পদায়ন, ডায়ালাইসিস মেশিন ও সংশ্লিষ্ট যন্ত্রপাতির যথাযথ প্রস্তুতি এবং রোগীদের নিরাপদ ও মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা।
ডায়ালাইসিস এমন একটি চিকিৎসা, যেখানে নিয়মিত সেবা না পেলে রোগীর জীবন মারাত্মক ঝুঁকিতে পড়তে পারে। ফলে কোনো কারণে সেন্টার চালু হতে দেরি হলে উদ্যোগটির সুফল থেকে বঞ্চিত হবেন সবচেয়ে বেশি অসহায় রোগীরাই। আবার চালু করার পর জনবলসংকট, যন্ত্রপাতি নষ্ট থাকা, পানি বা বিদ্যুৎ সংকট কিংবা রক্ষণাবেক্ষণের অভাবে সেবা ব্যাহত হলে পুরো উদ্যোগই প্রশ্নের মুখে পড়বে।
হাওরজেলা সুনামগঞ্জের বাস্তবতা বিবেচনায় ১০ শয্যার ডায়ালাইসিস সেন্টার নিঃসন্দেহে প্রয়োজনীয় পদক্ষেপ। তবে জেলার কিডনি রোগীর সংখ্যা ও ভবিষ্যৎ চাহিদা বিবেচনায় এর সক্ষমতা পর্যায়ক্রমে বাড়ানোর পরিকল্পনাও এখন থেকেই করা দরকার। পাশাপাশি দরিদ্র ও অসচ্ছল রোগীদের জন্য কম খরচে বা সরকারি সহায়তায় ডায়ালাইসিসের সুযোগ নিশ্চিত করা জরুরি।
আমরা আশা করি, ১০টি বেড প্রস্তুতের পর আর কোনো অপ্রয়োজনীয় প্রশাসনিক জটিলতায় সেবা চালু বিলম্বিত হবে না। দ্রুত প্রয়োজনীয় জনবল ও আনুষঙ্গিক প্রস্তুতি সম্পন্ন করে সুনামগঞ্জ সদর হাসপাতালের ডায়ালাইসিস সেন্টার চালু করা হোক। একই সঙ্গে সেবার মান ও ধারাবাহিকতা বজায় রাখতে নিয়মিত তদারকির ব্যবস্থা করা হোক। সুনামগঞ্জের কিডনি রোগীদের জন্য এটি যেন শুধু একটি নতুন অবকাঠামো না হয়ে সত্যিকার অর্থে জীবনরক্ষাকারী জনসেবা হয়ে ওঠে - এটাই প্রত্যাশা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়