শূন্যপদ পূরণ ও ৫০ শয্যার কার্যক্রম চালুর আশ্বাস
জামালগঞ্জ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য বিভাগের বিভাগীয় পরিচালক
- আপলোড সময় : ২৫-০৯-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৯-২০২৬ ০১:২০:৪৩ পূর্বাহ্ন
জামালগঞ্জ প্রতিনিধি ::
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শন করেছেন স্বাস্থ্য বিভাগের সিলেট বিভাগীয় পরিচালক ডা. মাহবুবুল আলম। বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১১টায় তিনি হাসপাতালটি পরিদর্শন করেন।
পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন স্বাস্থ্য বিভাগের বিভাগীয় উপপরিচালক ডা. মোহাম্মদ নুরে আলম শামীম ও সুনামগঞ্জের সিভিল সার্জন ডা. চৌধুরী জালাল উদ্দিন মুর্শেদ রুমী। এ সময় জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ফাইজুর রহমান ফয়েজ, আরএমও ডা. আব্দুল বাতেন, জামালগঞ্জ সংবাদ পত্রিকার সম্পাদক ও প্রকাশক অঞ্জন পুরকায়স্থ, স্বাস্থ্য পরিদর্শক আবুল কালাম, নার্স সুপারভাইজার নির্লিপ্তা হালদার, উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার মোশাররফ হোসেন, শরীফুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
পরিদর্শনকালে বিভাগীয় পরিচালক হাসপাতালের জরুরি বিভাগ, ওষুধের স্টোর রুম ও রোগীদের খাবারের মান পরিদর্শন করেন। পরে হাসপাতালের রান্নাঘরে গিয়ে রোগীদের জন্য রান্না করা মুরগীর মাংস ওজনও পরীক্ষা করে খাবারের গুণগত মান যাচাই করেন। হাসপাতাল ভবনের তৃতীয় তলায় পড়ে থাকা পরিত্যক্ত আসবাবপত্র নিলামে বিক্রির জন্য সুনামগঞ্জের সিভিল সার্জনকে প্রয়োজনীয় অনুমোদনের উদ্যোগ নেওয়ার পরামর্শ দেন তিনি।
জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সটি ৩১ শয্যাবিশিষ্ট। তবে পরিদর্শনের সময় হাসপাতালের বেড ও মেঝেতে মিলিয়ে ৭৯ জন রোগী ভর্তি ছিলেন। তাদের মধ্যে ৩৩ জন হাম আক্রান্ত রোগী রয়েছেন জানতে পেরে বিস্ময় প্রকাশ করেন বিভাগীয় পরিচালক।
এ সময় হাসপাতালের চিকিৎসক, নার্সসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পদ শূন্য থাকার বিষয়টি তুলে ধরা হয়। পাশাপাশি ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের নতুন ভবন নির্মাণ হলেও এখনো এর কার্যক্রম চালু না হওয়ার বিষয়েও আলোচনা হয়।
এ বিষয়ে ডা. মাহবুবুল আলম বলেন, স্বাস্থ্য বিভাগ শিগগিরই ১৮০ জন চিকিৎসক নিয়োগ দেবে। ওই নিয়োগে জামালগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সকে অগ্রাধিকার দেওয়া হবে। একই সঙ্গে অল্প সময়ের মধ্যে ৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালের কার্যক্রম চালুর উদ্যোগ নেওয়া হবে।
তিনি বলেন, দেশের অন্যান্য অঞ্চলের চিকিৎসকেরা হাওরাঞ্চলের মতো দুর্গম এলাকায় আসতে অনাগ্রহী। তাই এ অঞ্চল থেকেই চিকিৎসক তৈরির বিষয়ে সচেতনতা গড়ে তোলা প্রয়োজন।
পরিদর্শন শেষে বিভাগীয় পরিচালক স্পিডবোটযোগে ধর্মপাশা উপজেলার উদ্দেশে জামালগঞ্জ ত্যাগ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

জামালগঞ্জ প্রতিনিধি