দেশ অস্থিতিশীল করার ষড়যন্ত্রের’ অভিযোগ, সুনামগঞ্জে যুবদলের মিছিল সমাবেশ
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪০:৫১ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৪০:৫১ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার::
পরিকল্পিত সন্ত্রাস ও নৈরাজ্যের মাধ্যমে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্রের প্রতিবাদে সুনামগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা যুবদল। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) বেলা ১১টায় জেলা বিএনপির কার্যালয়ের সামনে থেকে মিছিলটি বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে আলফাত স্কয়ারে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
মিছিলে জেলা যুবদলসহ বিএনপি ও অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন এবং দেশকে অস্থিতিশীল করার যেকোনো অপচেষ্টা প্রতিহত করার আহ্বান জানান।
আলফাত স্কয়ারে অনুষ্ঠিত সমাবেশে বক্তারা বলেন, সন্ত্রাস, নৈরাজ্য ও জনজীবনে অস্থিরতা সৃষ্টির কোনো প্রচেষ্টা গ্রহণযোগ্য নয়। একটি মহল পরিকল্পিতভাবে সন্ত্রাস ও বিশৃঙ্খলা সৃষ্টি করে দেশের স্থিতিশীলতা নষ্ট করার অপচেষ্টা করছে। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে রাজনৈতিকভাবে জনগণকে সচেতন ও ঐক্যবদ্ধ করার ওপর গুরুত্ব দেন তারা।
বক্তারা আরও বলেন, রাজনৈতিক কর্মসূচির নামে সহিংসতা, সন্ত্রাস বা জনমনে আতঙ্ক সৃষ্টির ঘটনা ঘটলে তা প্রতিহত করতে জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণভাবে কর্মসূচি চালিয়ে যাবে যুবদল। তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা এবং যেকোনো নাশকতা বা সহিংসতার ঘটনায় নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান।
সমাবেশে জেলা যুবদলের ভারপ্রাপ্ত সভাপতি আমিনুল রশিদ আমিন, সহ সভাপতি সুহেল মিয়া, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মামুনুর রশীদ কয়েছ, যুগ্ম সম্পাদক তোফাজ্জল হোসেন, মমিনুল হক কালারচান ও নুর আলম, সাংগঠনিক সম্পাদক কামরুল হাসান রাজু, সহদপ্তর সম্পাদক সামরুল ইসলাম শ্যামল, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মঈনুদ্দিন আহমেদ রিপন, আইন সম্পাদক অ্যাডভোকেট দবির উদ্দিন, পৌর যুবদলের আহ্বায়ক আজিজুর রহমান সৌরভ এবং জেলা যুবদল নেতা শাহ ফরহাদ উপস্থিত ছিলেন। এ ছাড়া জেলা ও উপজেলা বিএনপি এবং অঙ্গসংগঠনের নেতাকর্মীরাও মিছিল ও সমাবেশে অংশ নেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ