মো. বায়েজীদ বিন ওয়াহিদ::
সুনামগঞ্জের জামালগঞ্জে পরিবেশের ভারসাম্য রক্ষা ও সবুজায়ন বাড়ানোর লক্ষ্যে হালির হাওরের সড়কের পাশে ১০০টি তালগাছের চারা রোপণ করা হয়েছে। মঙ্গলবার দিনব্যাপী উপজেলার জামালগঞ্জ উত্তর ইউনিয়নের হালির হাওরের সড়কের উভয় পাশে এসব চারা রোপণ করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর উদ্যোগে সরকারের ‘৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ’ কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রম পরিচালনা করা হয়। বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের নির্দেশক্রমে এবং সিলেট রেঞ্জের উপ-মহাপরিচালক ও সুনামগঞ্জ জেলা কমান্ড্যান্টের সার্বিক তত্ত্বাবধানে কর্মসূচিটি বাস্তবায়ন করা হয়। বৃক্ষরোপণ কর্মসূচিতে জামালগঞ্জ উত্তর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান ও সদস্যরা, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ, উপজেলা প্রশিক্ষক প্রবেশ সরকার, উত্তর ইউনিয়ন দলনেতা আনোয়ার হোসাইন, দলনেত্রী, ইউনিয়ন আনসার কমান্ডার এবং সঞ্জীবন প্লাটুনের ভিডিপি সদস্যরা অংশ নেন। উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা খালেদ আহমদ বলেন, তালগাছ পরিবেশের ভারসাম্য রক্ষা, ভূমিক্ষয় রোধ এবং প্রাকৃতিক দুর্যোগের ক্ষয়ক্ষতি কমাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পাশাপাশি তালের রস, শাঁস ও গুড়সহ বিভিন্ন পণ্য গ্রামীণ অর্থনীতিতে অবদান রাখে। তাই দেশীয় প্রজাতির বৃক্ষ রোপণের পাশাপাশি রোপণ করা গাছের যথাযথ পরিচর্যা ও সংরক্ষণে সবাইকে এগিয়ে আসতে হবে। তিনি বলেন, জননিরাপত্তা ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডের পাশাপাশি বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী পরিবেশ সংরক্ষণেও ভূমিকা রেখে চলেছে। এরই ধারাবাহিকতায় হাওরাঞ্চলের গুরুত্বপূর্ণ সড়কের পাশে তালগাছের চারা রোপণ করা হয়েছে। স্থানীয় এলাকাবাসী এ উদ্যোগকে স্বাগত জানিয়ে রোপণ করা চারাগুলোর পরিচর্যা ও সংরক্ষণে সহযোগিতার আশ্বাস দেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
বজ্রপাতের ঝুঁকি কমাতে হাওরের সড়কজুড়ে শতাধিক তালগাছের চারা রোপণ
- আপলোড সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩২:০৯ অপরাহ্ন
- আপডেট সময় : ২২-০৯-২০২৬ ০৫:৩২:৫১ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ