জাহাঙ্গীর আলম চৌধুরী::
সুনামগঞ্জের ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সম্প্রসারণ, আধুনিকায়ন ও দুই লেনে উন্নীতকরণ কাজের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
শনিবার বিকেলে গোবিন্দগঞ্জ পয়েন্টসংলগ্ন এলাকায় এ নির্মাণকাজের উদ্বোধন করেন ছাতক-দোয়ারাবাজার আসনের সংসদ সদস্য ও ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি সংক্রান্ত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কলিম উদ্দিন আহমেদ মিলন বলেন, ছাতক শিল্পনগরী ও অর্থনৈতিক দিক থেকে অত্যন্ত সমৃদ্ধ একটি অঞ্চল। এখানকার পাথর, সিমেন্টসহ বিভিন্ন শিল্পপণ্য দেশের বিভিন্ন প্রান্তে পৌঁছে যায়। কিন্তু উন্নত সড়ক যোগাযোগের অভাবে ব্যবসা-বাণিজ্য ব্যাহত হওয়ার পাশাপাশি সাধারণ মানুষকে যাতায়াতে চরম ভোগান্তি পোহাতে হতো। তিনি বলেন, সড়কটির নির্মাণকাজ শেষ হলে ছাতকের সঙ্গে সিলেট, সুনামগঞ্জ ও ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলের যোগাযোগ ব্যবস্থা আরও সহজ ও দ্রুত হবে। এতে স্থানীয় ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারিত হবে। এ সময় এমপি মিলন বলেন, এর আগে প্রায় ১০০ কোটি টাকা ব্যয়ে ছাতক পৌরসভার অংশে একই সড়কের চার লেন নির্মাণকাজের উদ্বোধন করা হয়েছে। আশা করছি, পুরো সড়কের কাজ দ্রুত সময়ের মধ্যে শেষ করা হবে। তিনি আরও বলেন, ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক সংস্কার ও আধুনিকায়ন ছিল এ এলাকার মানুষের দীর্ঘদিনের প্রাণের দাবি। নানা বাধা-বিপত্তি পেরিয়ে সবার দোয়া ও সমর্থনে এই মেগা প্রকল্পের কাজ আনুষ্ঠানিকভাবে শুরু করা সম্ভব হয়েছে। এটি কোনো একক ব্যক্তির সাফল্য নয়; এটি ছাতকের সর্বস্তরের মানুষের অধিকার ও প্রত্যাশা পূরণের প্রতিফলন। সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠান ও সড়ক ও জনপথ বিভাগের (সওজ) কর্মকর্তাদের উদ্দেশে তিনি বলেন, জনগণের ১৭৪ কোটি টাকার এ প্রকল্পের কাজে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি বরদাশত করা হবে না। প্রতিটি কাজের গুণগত মান নিশ্চিত করে নির্ধারিত সময়ের মধ্যেই নির্মাণকাজ সম্পন্ন করতে হবে। স্থানীয় জনগণ ও রাজনৈতিক সহযোদ্ধারাও কাজের তদারকিতে নজর রাখবেন। অনুষ্ঠানে সওজ সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী মো. জহিরুল ইসলাম, উপবিভাগীয় প্রকৌশলী (ছাতক) মো. শাহাদাৎ হোসেনসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ ছাড়া উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সহসম্পাদক আশিকুর রহমান আশিক, সুনামগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য ফারুক আহমদ ও নজরুল ইসলাম, উপজেলা বিএনপির আহ্বায়ক ফরিদ উদ্দিন, ছাতক পৌর বিএনপির আহ্বায়ক শামসুর রহমান শামছু, উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক ফজলুল করিম বকুল, যুগ্ম আহ্বায়ক শফিকুল আলম মতি, জেলা বিএনপির সাবেক শিল্পবিষয়ক সম্পাদক রুহুল আমিনসহ বিএনপি, যুবদল, ছাত্রদল ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। সভায় দোয়া পরিচালনা করেন রাধানগর দাখিল মাদ্রাসার সুপার মাওলানা সামছুল কবির মিছবাহ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
ছাতক-গোবিন্দগঞ্জ সড়ক উন্নয়নে ১৭৪ কোটি টাকার কাজ উদ্বোধন
- আপলোড সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৯:১১ অপরাহ্ন
- আপডেট সময় : ১৯-০৯-২০২৬ ০৭:১৯:৫৪ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি