দোয়ারাবাজারে বিএনপি’র বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা
- আপলোড সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩১:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৭-০৯-২০২৬ ০৮:৩১:৫০ পূর্বাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
বিএনপির চেয়ারম্যান প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে বিরোধী দলের কিছু নেতৃবৃন্দের কটূক্তি ও অশালীন বক্তব্যের প্রতিবাদে দোয়ারাবাজার উপজেলার বাংলাবাজারে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করেছে বাংলাবাজার ইউনিয়ন বিএনপি। বুধবার (১৬ সেপ্টেম্বর) বিকেলে বাংলাবাজারের প্রধান সড়কে বিক্ষোভ মিছিলটি বের করা হয়।
মিছিলটি বাজারের গুরুত্বপূর্ণ সড়কগুলো প্রদক্ষিণ শেষে এক প্রতিবাদ সভায় মিলিত হয়। মিছিল চলাকালে দলীয় নেতাকর্মীরা কটূক্তি ও উসকানিমূলক মন্তব্যের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দেন।
বাংলাবাজার ইউনিয়ন বিএনপির আহ্বায়ক আমির হোসেন মেম্বারের সভাপতিত্বে এবং আহ্বায়ক কমিটির সদস্য সেলিম আহমেদ রানার সঞ্চালনায় আয়োজিত প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি আহবায়ক কমিটি সদস্য খলিলুর রহমান, বিএনপি নেতা মোরশেদ আলম ও দোয়ারাবাজার উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক আব্দুল আজিজ প্রমুখ।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, গণতান্ত্রিক সংস্কৃতিতে রাজনৈতিক মতামত বা দৃষ্টিভঙ্গির ভিন্নতা থাকা স্বাভাবিক, তবে কোনো জ্যেষ্ঠ রাজনৈতিক নেতাকে নিয়ে অশালীন, হেয়প্রতিপন্নকারী কিংবা উসকানিমূলক বক্তব্য দেওয়া রাজনৈতিক শিষ্টাচারের পরিষ্কার লঙ্ঘন। বক্তারা তারেক রহমানকে নিয়ে করা এমন বক্তব্যের তীব্র নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেন।
বক্তারা স্থানীয় আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে দোয়ারাবাজার উপজেলা প্রশাসন ও থানা পুলিশের প্রতি আহ্বান জানান। এই ধরনের শিষ্টাচারবহির্ভূত ও উসকানিমূলক বক্তব্যের বিরুদ্ধে দ্রুত প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান তাঁরা।
সভা থেকে ভবিষ্যতে এ ধরনের কুরুচিপূর্ণ বক্তব্য প্রদান থেকে সংশ্লিষ্টদের বিরত থাকার আহ্বান জানানো হয় এবং সুস্থ ও দায়িত্বশীল রাজনীতি চর্চার জন্য পারস্পরিক সম্মান বজায় রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। প্রতিবাদ সভায় বাংলাবাজার ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি