স্টাফ রিপোর্টার::
গরমের সঙ্গে পাল্লা দিয়ে সুনামগঞ্জে বেড়েছে বিদ্যুতের লোডশেডিং। দিন-রাত ঘন ঘন বিদ্যুৎ চলে যাওয়ায় ভ্যাপসা গরমে চরম অস্বস্তিতে পড়েছেন জেলার মানুষ। শহর থেকে গ্রাম - প্রায় সর্বত্রই বিদ্যুতের আসা-যাওয়ার খেলায় অতিষ্ঠ হয়ে উঠেছে জনজীবন। দীর্ঘ সময় বিদ্যুৎ না থাকায় ব্যাহত হচ্ছে ব্যবসা-বাণিজ্য, শিক্ষার্থীদের পড়াশোনা, বিভিন্ন দপ্তরের কার্যক্রমসহ স্বাভাবিক জীবনযাত্রা। গত কয়েক সপ্তাহে কিছুটা স্বস্তি মিললেও সাম্প্রতিক সময়ে আবারও লোডশেডিং তীব্র আকার ধারণ করেছে। বিশেষ করে সন্ধ্যা ও রাতের দিকে ঘন ঘন বিদ্যুৎ বিভ্রাটে ভোগান্তি বাড়ছে। কোথাও ঘণ্টার পর ঘণ্টা বিদ্যুৎ থাকছে না, আবার কোথাও স্বল্প সময়ের ব্যবধানে একাধিকবার বিদ্যুৎ চলে যাচ্ছে বলে অভিযোগ করছেন গ্রাহকরা। ভ্যাপসা গরমের মধ্যে বিদ্যুৎ না থাকায় সবচেয়ে বেশি দুর্ভোগে পড়ছেন শিশু, বয়স্ক ও অসুস্থ ব্যক্তিরা। রাতে বিদ্যুৎ চলে গেলে ঘুমের ব্যাঘাত ঘটছে। অনেকেই গরম থেকে স্বস্তি পেতে ঘরের বাইরে কিংবা রাস্তায় বেরিয়ে আসছেন। শিক্ষার্থীদের পড়াশোনাও ব্যাহত হচ্ছে লোডশেডিংয়ের কারণে। সুনামগঞ্জ শহরের বিভিন্ন এলাকায় ব্যবসায়ীরাও বিদ্যুৎ বিভ্রাট নিয়ে ক্ষোভ জানিয়েছেন। বিদ্যুৎনির্ভর ফটোকপি, ক¤িপউটার, প্রিন্টিং, অনলাইন সেবা ও বিভিন্ন ব্যবসাপ্রতিষ্ঠানের কার্যক্রম ব্যাহত হচ্ছে। শহরের বাইরে জেলার বিভিন্ন উপজেলা ও প্রত্যন্ত গ্রামীণ এলাকায় ভোগান্তি আরও বেশি। স্থানীয়দের অভিযোগ, দিনের বিভিন্ন সময়ে কয়েক দফায় বিদ্যুৎ চলে যাওয়ার পাশাপাশি রাতেও দীর্ঘ সময় বিদ্যুৎ থাকে না। ফলে গরমের কষ্টের সঙ্গে যোগ হচ্ছে পানির সংকট ও যোগাযোগের নানা সমস্যা। এদিকে, দেশজুড়ে বিদ্যুৎ উৎপাদনে বড় ধরনের ঘাটতির মধ্যেই সুনামগঞ্জেও এর প্রভাব পড়েছে। গরমের তীব্রতা বৃদ্ধির সময়ে হঠাৎ করে আদানির বিদ্যুৎকেন্দ্রের একটি ইউনিট বন্ধ হয়ে যাওয়ায় নতুন করে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের ঘাটতি তৈরি হয়েছে। একই সময়ে আরএনপিএলের একটি ইউনিটও বন্ধ রয়েছে। সব মিলিয়ে জাতীয় পর্যায়ে বিদ্যুতের ঘাটতি সাড়ে ৩ হাজার মেগাওয়াট ছাড়িয়েছে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) সদস্য (উৎপাদন) জহুরুল ইসলাম জানিয়েছেন, আদানির একটি ইউনিট হঠাৎ বন্ধ হয়ে গেছে। সেটি দ্রুত মেরামতের চেষ্টা চলছে। একই সঙ্গে আরএনপিএলের একটি ইউনিটও বন্ধ রয়েছে। ফলে একযোগে প্রায় ১ হাজার ২০০ মেগাওয়াট বিদ্যুতের নতুন ঘাটতি তৈরি হয়েছে। এর সঙ্গে যোগ হয়েছে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কারিগরি ত্রুটি ও গ্যাস সংকট। ফলে জাতীয় গ্রিডে উৎপাদন কমে যাওয়ায় দেশের বিভিন্ন অঞ্চলে লোডশেডিং বেড়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে সুনামগঞ্জের বিদ্যুৎ সরবরাহ ব্যবস্থায়ও।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন
ভ্যাপসা গরমে চরম দুর্ভোগ, ব্যাহত ব্যবসা-বাণিজ্য ও দৈনন্দিন কার্যক্রম
- আপলোড সময় : ১২-০৯-২০২৬ ০১:৫৭:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১২-০৯-২০২৬ ০১:৫৮:১২ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ