দোয়ারাবাজারে রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা
- আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৪:০৭:০৩ অপরাহ্ন
দোয়ারাবাজার প্রতিনিধি ::
দোয়ারাবাজার উপজেলার ১নং বাংলাবাজার ইউনিয়ন পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হকের সমর্থনে নির্বাচনী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় একটি আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করা হয়। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার বাংলাবাজার ইউনিয়নের কিরণপাড়া গ্রামের আব্দুল ওয়াহেদের বাড়িতে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
বীর মুক্তিযোদ্ধা আনিছ আলীর সভাপতিত্বে সভায় স্থানীয় ইউপি সদস্য আব্দুল ফালানসহ এলাকার গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ বক্তব্য দেন।
সভায় বক্তারা বলেন, এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করতে হলে জনগণের সমস্যা ও প্রয়োজনকে অগ্রাধিকার দিতে হবে। একই সঙ্গে একটি আধুনিক, ডিজিটাল, পরিচ্ছন্ন ও সৌহার্দ্যপূর্ণ ইউনিয়ন গড়ে তুলতে দল-মত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
মতবিনিময় সভায় সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল হক তাঁর নির্বাচনী পরিকল্পনা ও অঙ্গীকার তুলে ধরেন। তিনি বলেন, নির্বাচিত হলে ইউনিয়নের শিক্ষা ও দক্ষতা উন্নয়নে কার্যকর উদ্যোগ নেওয়া হবে। তরুণদের জন্য খেলাধুলা, সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকা-ের সুযোগ বাড়ানোর পাশাপাশি মাদকমুক্ত সমাজ গঠনে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।
তিনি আরও বলেন, ইউনিয়নের পরিচ্ছন্নতা ও নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি ইউনিয়ন পরিষদের কার্যক্রমে স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনস¤পৃক্ততা বাড়ানো হবে। জনগণের দোরগোড়ায় নাগরিক সেবা পৌঁছে দিয়ে একটি আধুনিক ও জনবান্ধব ইউনিয়ন পরিষদ গড়ে তোলাই তাঁর লক্ষ্য।
রেজাউল হক বলেন, নির্বাচিত হলে এলাকার মানুষের সমস্যা ও প্রয়োজনকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে কাজ করব। জনগণের মতামতকে প্রাধান্য দিয়ে উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়ন করা হবে।
সভায় উপস্থিত স্থানীয় বাসিন্দারা তাঁর নির্বাচনী উদ্যোগ ও পরিকল্পনার প্রতি সমর্থন জানান। মতবিনিময় সভায় বক্তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত উদ্যোগ ও জনগণের অংশগ্রহণের মাধ্যমে ১নং বাংলাবাজার ইউনিয়নকে আরও উন্নত, পরিচ্ছন্ন, নিরাপদ ও জনবান্ধব হিসেবে গড়ে তোলা সম্ভব হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দোয়ারাবাজার প্রতিনিধি