মধ্যবাজার চাঁদনীঘাটের ময়লা-আবর্জনা অপসারণে উদ্যোগ
- আপলোড সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
- আপডেট সময় : ১১-০৯-২০২৬ ০৩:৫৯:৫২ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ শহরের মধ্যবাজার চাঁদনীঘাট এলাকার দুই পাশে দীর্ঘদিন ধরে জমে থাকা ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগ নেওয়া হয়েছে। ময়লা-আবর্জনার কারণে ঘাট ও আশপাশের পরিবেশ নোংরা হয়ে পড়ার পাশাপাশি পথচারী ও স্থানীয় বাসিন্দাদের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছিল।
বৃহ¯পতিবার সন্ধ্যায় চাঁদনীঘাট এলাকা পরিদর্শন করে ময়লা-আবর্জনা অপসারণের উদ্যোগের কথা জানান জেলার স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক ও সুনামগঞ্জ পৌরসভার প্রশাসক অসীম চন্দ্র বণিক।
পরিদর্শনকালে তিনি বলেন, চাঁদনীঘাটের দুই পাশে বিপুল পরিমাণ ময়লা-আবর্জনা জমে আছে। স্থানীয় নাগরিকদের অনেকে বিভিন্ন সময় এখানে ময়লা ফেলছেন। বিষয়টি দীর্ঘদিন ধরেই পৌর কর্তৃপক্ষের নজরে রয়েছে।
অসীম চন্দ্র বণিক বলেন, ডেঙ্গু প্রতিরোধ ও শহরের পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সরকার বিভিন্ন কার্যক্রম হাতে নিয়েছে। এরই অংশ হিসেবে চাঁদনীঘাট এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। জেলা প্রশাসন ও সংসদ সদস্যের নির্দেশনা অনুযায়ী পৌরসভার পক্ষ থেকে এ কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
তিনি আরও বলেন, বিভিন্ন সামাজিক সংগঠনের সহযোগিতা নিয়ে পুরো এলাকার ময়লা-আবর্জনা অপসারণ করা হবে। পাশাপাশি পরিষ্কার-পরিচ্ছন্ন পরিবেশ বজায় রেখে এলাকাটিকে নাগরিকদের স্বাচ্ছন্দ্যে চলাচলের উপযোগী করে গড়ে তোলার চেষ্টা করা হবে।
পৌর প্রশাসক বলেন, শুধু ময়লা অপসারণ করলেই সমস্যার সমাধান হবে না। ভবিষ্যতে যাতে কেউ সেখানে পুনরায় ময়লা-আবর্জনা ফেলতে না পারে, সেদিকেও নজর দিতে হবে। এ বিষয়ে নাগরিকদের সচেতন ও দায়িত্বশীল ভূমিকা রাখা জরুরি।
এ সময় স্থানীয় বাসিন্দারা উপস্থিত ছিলেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ