ধর্মপাশায় কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনকে যৌন নিপীড়নের চেষ্টা, প্রতিবাদ করায় ভগ্নিপতিকে মারধর
- আপলোড সময় : ১০-০৯-২০২৬ ০১:২১:৩১ অপরাহ্ন
- আপডেট সময় : ১০-০৯-২০২৬ ০১:২১:৩১ অপরাহ্ন
মধ্যনগর প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলার পাইকুরাটি ইউনিয়নের আলতাফপুর গ্রামের সামনের সড়কে এক কলেজ ছাত্রী (২২) ও তাঁর বড় বোন (২৪) কে যৌন নিপীড়ন করার চেষ্টা করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। এতে বাধা দেওয়ায় কলেজ ছাত্রীটির ভগ্নপতি (২৮) কে এলোপাতাড়ি কিল-ঘুষি ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করা হয়েছে। গত সোমবার সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে এই ঘটনা ঘটে। আহত ওই ব্যক্তি ওইদিনই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। এ ঘটনায় ওই কলেজ ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮ জনকে আসামি করে ওইদিন রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্মপাশা থানায় একটি মামলা করেছেন। মামলার পর পরই অভিযান চালিয়ে দুজন আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
ধর্মপাশা থানা পুলিশ, কলেজ ছাত্রীর পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলার একটি গ্রামের বাসিন্দা কলেজ ছাত্রী, তাঁর বড় বোন ও বোনজামাইকে সঙ্গে নিয়ে অটোরিকশাযোগে সোমবার বিকেল চারটার দিকে পাশের মধ্যনগর উপজেলার শহীদ আয়াতুল্লাহ সেতু এলাকায় ঘুরতে যান। এ সময় কিশোর ও তরুণ বয়সী তিনজন বখাটে মিলে কলেজ ছাত্রী ও তার বড় বোনকে নানাভাবে উত্ত্যক্ত করে। এতে কলেজ ছাত্রীর বড় বোনের জামাই প্রতিবাদ করলে এ নিয়ে তাদের মধ্যে তর্ক-বিতর্ক হয়। পরে ওই তিনজন বখাটে আরও দুজন বখাটে যুবককে সঙ্গে নিয়ে ধর্মপাশা উপজেলার আলতাফপুর গ্রামের সামনের সড়কে মোটরসাইকেল যোগে এসে অবস্থান নেয়। সন্ধ্যা ছয়টার দিকে অটোরিকসাযোগে শহীদ আয়াতুল্লাহ সেতু এলাকা থেকে নিজেদের বাড়ি ফেরার
উদ্দেশ্যে কলেজ ছাত্রী, তার বড় বোন ও বোনজামাই রওয়ানা হন। তাদের অটোরিকসাটি সন্ধ্যা সাড়ে ছয়টার দিকে ধর্মপাশার আলতাফপুর গ্রামের সামনের সড়কে এসে পৌঁছলে অটোরিকসাটি গতিরোধ করা হয়। সেখানে থাকা বখাটের দল কলেজ ছাত্রী ও তাঁর বড় বোনের হাত এবং পরিহিত কাপড় চোপড় ধরে টানা হেঁচড়া শুরু করে। এতে কলেজ ছাত্রীর বড় বোনের জামাই প্রতিবাদ করলে পাঁচজন বখাটেসহ তাদের স্বজনেরা কলেজ ছাত্রীর বড় বোনের জামাইকে এলোপাতাড়ি কিল ঘুষি, চর-লাথি মেরে ও লাঠি দিয়ে পিটিয়ে আহত করে। দুজন নারীর চিৎকার শুনে আশপাশে থাকা লোকজন এগিয়ে আসলে বখাটেরদলসহ তাদের স্বজনেরা সেখান থেকে সটকে পড়ে। ওইদিন রাত সাড়ে নয়টার দিকে এ ঘটনায় কলেজ ছাত্রী বাদী হয়ে পাঁচজনের নাম উল্লেখ করে ও অজ্ঞাতনামা ৭ থেকে ৮জনকে আসামি করে থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। পরে রাত তিনটার দিকে উপজেলার আলতাফপুর গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে মামলার আসামি মাহবুব (৪৮)-কে গ্রেপ্তার ও উপজেলার বেরিকান্দি গ্রামের নিজ বাড়ি থেকে মামলার আসামি কাউসার (১৭) কে আটক করে থানায় নিয়ে আসা হয়।
ধর্মপাশা থানার এসআই শরীফুল ইসলাম জানান, এ ঘটনায় থানায় মামলা হয়েছে। এই মামলায় গ্রেফতার হওয়া আসামি মাহবুবকে মঙ্গলবার সকালে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এছাড়া মামলার অপর আসামি কাউসারকে ওইদিনই সুনামগঞ্জ শিশু আদালতে পাঠানো হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

মধ্যনগর প্রতিনিধি