লাইসেন্সের দাবিতে অটোরিকশা মালিক-শ্রমিকদের বিক্ষোভ
- আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:৪২:৫০ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে ব্যাটারিচালিত অটোরিকশায় নতুন নম্বরপ্লেট ও লাইসেন্স প্রদানের দাবিতে বিক্ষোভ মিছিল, অবস্থান কর্মসূচি ও প্রতিবাদ সমাবেশ করেছেন অটোরিকশা মালিক-শ্রমিকরা। বুধবার দুপুরে সুনামগঞ্জ ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের উদ্যোগে শহরের ট্রাফিক পয়েন্ট এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
সুনামগঞ্জ জেলা ব্যাটারিচালিত অটোরিকশা মালিক-শ্রমিক সমবায় পরিষদের সভাপতি সামছুদ্দিন আহমেদের সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক পাভেল হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন আফজাল মিয়া, গণি মিয়াসহ সংগঠনের নেতৃবৃন্দ।
সমাবেশে বক্তারা বলেন, ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে মালিক ও শ্রমিকরা দীর্ঘদিন ধরে পরিবার-পরিজন নিয়ে জীবিকা নির্বাহ করে আসছেন। কিন্তু সম্প্রতি পৌর প্রশাসনের অভিযান, লাইসেন্স-সংক্রান্ত জটিলতা ও লাইসেন্স প্রদানের ক্ষেত্রে বৈষম্যের কারণে তারা চরম দুর্ভোগে পড়েছেন।
তারা অবিলম্বে ব্যাটারিচালিত অটোরিকশার বিরুদ্ধে পৌর প্রশাসনের অভিযান সাময়িকভাবে বন্ধ, নতুন লাইসেন্স প্রদান এবং পৌর এলাকার বাইরে বিতরণ করা লাইসেন্স যাচাই করে জব্দ বা বাতিলের দাবি জানান। একই সঙ্গে একক মালিকানায় একাধিক লাইসেন্স দেওয়ার অভিযোগ তদন্ত করে প্রকৃত শ্রমিকদের অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ারও দাবি জানান তারা।
বক্তারা আরও বলেন, অটোরিকশা চালানোই অনেক শ্রমজীবী মানুষের একমাত্র আয়ের উৎস। তাই বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা না করে তাদের এই পেশা থেকে সরিয়ে দেওয়া হলে অসংখ্য পরিবার সংকটে পড়বে। এ অবস্থায় সরকার ও প্রশাসনের প্রতি বিষয়টি মানবিকভাবে বিবেচনা করে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান তারা।
পরে নেতৃবৃন্দ তাদের দাবিসংবলিত স্মারকলিপি পৌর প্রশাসনের কাছে দিতে গেলে পৌর প্রশাসক স্মারকলিপি গ্রহণ করেননি বলে অভিযোগ করেন সংগঠনের নেতারা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ