দিরাইয়ে মৎস্যজীবীদের সংবাদ সম্মেলন জলমহালে মাছ লুটের অভিযোগ
- আপলোড সময় : ০৯-০৯-২০২৬ ০৯:১৩:১০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৯-২০২৬ ০৯:১৩:১০ পূর্বাহ্ন
দিরাই প্রতিনিধি ::
দিরাইয়ে উদগল-ছায়ার হাওর এরিয়ায় ইজারাকৃত হাতনী জলমহালে মাছ লুটের অভিযোগে সংবাদ সম্মেলন করেছে ইজারাপ্রাপ্ত জয়পুর মৎস্যজীবী সমবায় সমিতি। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) দুপুর ১টায় দিরাই উপজেলা পরিষদ প্রাঙ্গণে এ সংবাদ সম্মেলন করা হয়।
সংবাদ সম্মেলনে দুই কোটি টাকার মাছ লুটপাটের অভিযোগ এনে জয়পুর মৎস্যজীবী সমবায় সমিতির একাধিক সদস্য বক্তব্য রাখেন। লুটপাটে দেড় কটি টাকার ক্ষয়ক্ষতি দাবি করে সমিতির সাধারণ স¤পাদক বিকাশ রঞ্জন দাস বাদী হয়ে ২৩ জনে নাম উল্লেখ করে অজ্ঞাতনামাসহ ২০০ জনের বিরুদ্ধে দিরাই থানা ও শাল্লা থানায় পৃথকভাবে দুটি লিখিত অভিযোগ করেছেন বলে জানান।
লিখিত বক্তব্যে বলা হয়, গত ৮ আগস্ট ও ২ সেপ্টেম্বর শাল্লা উপজেলার আটগাঁও, সোনাকানি, মির্জাপুর, নিজগাঁওসহ বিভিন্ন গ্রামের দুই শতাধিক লোক ৩০ থেকে ৪০টি নৌকায় জলমহালে প্রবেশ করে। তারা কোণা জাল, কারেন্ট জাল ও সুতার জাল ব্যবহার করে জোরপূর্বক মাছ ধরে নিয়ে যায়।
সমিতির সাধারণ সম্পাদক বিকাশ রঞ্জন দাস বলেন, ২ সেপ্টেম্বর ও ৮ আগস্ট দুই দফায় হামলাকারীরা দেশীয় অস্ত্র প্রদর্শন করে আমাদের লোকজনকে ভয়ভীতি দেখিয়ে আনুমানিক দেড় কোটি টাকার বিভিন্ন প্রজাতির মাছ লুট করে নিয়ে গেছে। তিনি আরও জানান, হাতনি জলমহালটি ছয় বছর মেয়াদে সরকার কর্তৃক ইজারাপ্রাপ্ত হয়ে নিয়ম মেনে মৎস্যস¤পদ সংরক্ষণ ও আহরণ করা হচ্ছে। কিন্তু বারবার এভাবে লুটের কারণে বাৎসরিক কোটি টাকার উপরে খাজনা পরিশোধ করা কঠিন হয়ে পড়েছে।
সমিতির নেতাদের দাবি, দুই বছরের ফাইল ফিসারিতে মৎস্য সংরক্ষণ করে আসছি। সংরক্ষিত ফিসারি এলাকায় কারেন্ট জাল ও কোণা জাল ব্যবহারের ফলে বড় মাছের পাশাপাশি পোনা মাছও ধরা পড়ছে। এতে জলমহালের মাছের প্রজনন মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। ফের লুটের শংকায় আতঙ্কে রয়েছেন প্রকৃত ইজারাদার ও মৎস্যজীবীরা।
সংবাদ সম্মেলন থেকে সমিতির পক্ষ থেকে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণ, জলমহালের নিরাপত্তা নিশ্চিত করা এবং সরকারি রাজস্ব রক্ষায় প্রশাসনের কার্যকর পদক্ষেপের দাবি জানানো হয়।
এ বিষয়ে দিরাই উপজেলা নির্বাহী অফিসার সঞ্জীব সরকার বলেন, মাছ লুটের অভিযোগ এনে দিরাই ও শাল্লা থানায় পৃথক লিখিত অভিযোগ দিয়েছেন সমিতির লোকজন। বিষয়টি নিয়ে শাল্লা ইউএনও’র সঙ্গে আলোচনা হয়েছে। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

দিরাই প্রতিনিধি