আগস্টে সড়কে মৃত্যু ৪৮১, প্রতিদিন ১৫ জনের বেশি
- আপলোড সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৭:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৯-২০২৬ ০৫:১৭:১৩ পূর্বাহ্ন
সুনামকণ্ঠ ডেস্ক ::
আগস্ট মাসে দেশে ৫১৩টি সড়ক দুর্ঘটনায় ৪৮১ জন নিহত এবং ৬৬৪ জন আহত হয়েছেন। নিহতদের মধ্যে ৬১ জন নারী ও ৫৮ জন শিশু। এ সময়ে প্রতিদিন গড়ে সড়কে প্রাণ হারিয়েছেন ১৫ জনেরও বেশি। গত জুলাইয়ে এ সংখ্যা ছিল ১৩ জন। সেই হিসাবে আগস্টে সড়ক দুর্ঘটনায় প্রাণহানি বেড়েছে ১৫ দশমিক ৬৫ শতাংশ। সোমবার (৭ সেপ্টেম্বর) আগস্ট মাসের দুর্ঘটনার প্রতিবেদন প্রকাশ করে রোড সেফটি ফাউন্ডেশন।
প্রতিবেদনে বলা হয়েছে, আগস্টে ১৮৩টি মোটরসাইকেল দুর্ঘটনায় ১৭৬ জন নিহত হয়েছেন। মোট নিহতের ৩৬ দশমিক ৫৯ শতাংশই মোটরসাইকেল চালক ও আরোহী। এ ছাড়া ১০২ জন পথচারী এবং যানবাহনের ৬৭ জন চালক ও সহকারী নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের
৬১ জন শিক্ষার্থীও রয়েছেন।
সড়ক দুর্ঘটনার পাশাপাশি আগস্টে ৭টি নৌদুর্ঘটনায় ৬ জন নিহত ও ৯ জন আহত হয়েছেন। ৩৪টি রেলপথ দুর্ঘটনায় ২৭ জন নিহত এবং ২৩ জন আহত হয়েছেন।
রোড সেফটি ফাউন্ডেশনের বিশ্লেষণ অনুযায়ী, আগস্টে সবচেয়ে বেশি দুর্ঘটনা ঘটেছে আঞ্চলিক সড়কে। এসব সড়কে ২১৭টি দুর্ঘটনা হয়েছে, যা মোট দুর্ঘটনার ৪২ দশমিক ৩০ শতাংশ। জাতীয় মহাসড়কে ১৬৩ টি, গ্রামীণ সড়কে ৬২টি এবং শহরের সড়কে ৭১টি দুর্ঘটনা ঘটেছে।
দুর্ঘটনার ধরণ বিশ্লেষণে দেখা যায়, ১৯৫টি দুর্ঘটনা ঘটেছে যানবাহনের নিয়ন্ত্রণ হারিয়ে। ১২৬টি ছিল মুখোমুখি সংঘর্ষ, ১০৬টি পথচারীকে চাপা বা ধাক্কা দেওয়ার ঘটনা এবং ৭৮টি যানবাহনের পেছনে আঘাত করার ঘটনা।
বিভাগভিত্তিক হিসাবে ঢাকা বিভাগে সবচেয়ে বেশি ১৭২টি দুর্ঘটনায় ১৪৪ জন নিহত হয়েছেন। সবচেয়ে কম দুর্ঘটনা ঘটেছে বরিশাল বিভাগে। সেখানে ১৫টি দুর্ঘটনায় ১৪ জন নিহত হয়েছেন। একক জেলা হিসেবে বগুড়ায় সবচেয়ে বেশি ৩৭ জন নিহত হয়েছেন। রাজধানী ঢাকায় ৪৮টি দুর্ঘটনায় ২৩ জন নিহত ও ৫৪ জন আহত হয়েছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সুনামকন্ঠ ডেস্ক