গ্রেফতার
হাতকড়াসহ পলায়ন, ফেসবুক লাইভ; শেষ রক্ষা হলো না আসিরের
- আপলোড সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৪-০৯-২০২৬ ০৮:৩৩:৪৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
শান্তিগঞ্জে পুলিশের হেফাজত থেকে হাতকড়াসহ পালিয়ে যাওয়ার ঘটনায় আলোচিত আসামি আসির মিয়া (৩০) অবশেষে গ্রেপ্তার হয়েছে। জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও সুনামগঞ্জ সদর থানা পুলিশের যৌথ অভিযানে বৃহ¯পতিবার (৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে সুনামগঞ্জ শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আসির মিয়া শান্তিগঞ্জ উপজেলার দামোধরদপী গ্রামের মৃত শফিক মিয়ার ছেলে। পুলিশ জানিয়েছে, তার বিরুদ্ধে পুলিশের ওপর হামলাসহ একাধিক ফৌজদারি মামলা রয়েছে এবং তিনি একটি মারামারির মামলার এজাহারভুক্ত আসামি।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার (২ সেপ্টেম্বর) রাতে শান্তিগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিনের নেতৃত্বে পুলিশের একটি দল দামোধরদপী পয়েন্টে অভিযান চালিয়ে আসির মিয়াকে গ্রেপ্তার করে। পরে তাকে থানায় নেওয়ার জন্য পুলিশের গাড়িতে তোলার সময় তার কয়েকজন স্বজন বাধা দেন। এ সময় পুলিশ ও স্বজনদের মধ্যে ধাক্কাধাক্কি ও হট্টগোলের সৃষ্টি হয়। একপর্যায়ে পুলিশের নজর এড়িয়ে হাতকড়া পরা অবস্থায় আসির মিয়া পালিয়ে যায়। পালিয়ে যাওয়ার পর হাতকড়া পরা অবস্থায় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে লাইভে এসে নিজেকে নির্দোষ দাবি করেন সে। বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে এলাকায় ব্যাপক আলোচনা ও চাঞ্চল্যের সৃষ্টি হয়।
ঘটনার পর তাকে পুনরায় গ্রেপ্তারে অভিযান শুরু করে পুলিশ। বৃহ¯পতিবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে একটি অজ্ঞাত স্থান থেকে পালানোর সময় ব্যবহৃত হাতকড়াটি উদ্ধার করা হয়। তবে তখন আসির মিয়ার সন্ধান পাওয়া যায়নি। পরে সুনামগঞ্জের পুলিশ সুপারের নির্দেশনায় ডিবি ও সদর থানা পুলিশের যৌথ টিম তাকে গ্রেপ্তারে অভিযান জোরদার করে। কৌশলগত নজরদারির একপর্যায়ে বৃহ¯পতিবার রাত ৯টার দিকে শহরের পানসি রেস্টুরেন্ট থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
অভিযানে জেলা গোয়েন্দা শাখার এসআই মাহমুদুল হাসান, এসআই মুকুল খান, এএসআই খাদেম, এএসআই রোশন এবং সদর থানার ওসি রতন শেখ পিপিএমের সঙ্গে এসআই জহির হোসেন অংশ নেন।
এদিকে, আসির মিয়াকে গ্রেপ্তারের সময় পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে বৃহ¯পতিবার ১৪ জনের বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় মামলা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।
সুনামগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রতন শেখ পিপিএম বলেন, অপরাধ করে কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে বিভ্রান্তি ছড়িয়ে পুলিশের চোখ ফাঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। ডিবি ও সদর থানা পুলিশের সমন্বিত প্রচেষ্টায় আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, গ্রেপ্তার আসির মিয়ার বিরুদ্ধে শান্তিগঞ্জ থানায় একাধিক মামলা রয়েছে। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ