অবৈধভাবে বালু উত্তোলন, ভাঙনের ঝুঁকিতে বিদ্যালয়, মাদ্রাসা ও কবরস্থান
- আপলোড সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ৩০-০৮-২০২৬ ০৮:০৭:২৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগ উঠেছে। এতে উপজেলার বড়দল উত্তর ইউনিয়নের শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, শিমুলতলা মাদ্রাসা ও সূর্য্যরেটেক কবরস্থান ভাঙনের ঝুঁকিতে পড়েছে।
স্থানীয়দের অভিযোগ, শিমুলতলা গ্রামের হাবিবুর রহমান কোনো ধরনের নিয়ম-নীতির তোয়াক্কা না করে এসব স্পর্শকাতর এলাকার আশপাশ থেকে নিয়মিত বালু উত্তোলন করছেন। পরে উত্তোলন করা বালু ট্রলি ও নৌকাযোগে বিভিন্ন স্থানে বিক্রি করা হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শিমুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়, মাদ্রাসা ও সূর্য্যেরটেক কবরস্থানের অতি কাছে মাটি ও বালু খুঁড়ে বড় বড় গর্ত তৈরি করা হয়েছে। এসব গর্তে বর্ষার পানি জমে থাকায় শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াতের পথে শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। যেকোনো সময় শিক্ষার্থীরা গর্তে পড়ে দুর্ঘটনার শিকার হতে পারে বলে আশঙ্কা করছেন অভিভাবক ও শিক্ষকরা।
এছাড়া কবরস্থানের কাছ থেকে বালু উত্তোলনের কারণে বর্ষাকালে ভূমিধসের ঝুঁকি তৈরি হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। এতে ভবিষ্যতে কবরস্থানের জায়গা ভেঙে পড়ার পাশাপাশি স্বাভাবিক দাফন কার্যক্রমও ব্যাহত হওয়ার আশঙ্কা রয়েছে।
এলাকাবাসীর দাবি, এসব স্থান থেকে বালু উত্তোলন বন্ধে বড়দল উত্তর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিরা হাবিবুর রহমানকে একাধিকবার নিষেধ ও সতর্ক করেছেন। তবে তিনি তা উপেক্ষা করে বালু উত্তোলন অব্যাহত রেখেছেন বলে অভিযোগ তাদের।
এ অবস্থায় শিক্ষাপ্রতিষ্ঠান ও কবরস্থানের নিরাপত্তা রক্ষা এবং বালু উত্তোলন বন্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) বরাবর গত ২৭ জুলাই লিখিত অভিযোগ দিয়েছেন স্থানীয় বাসিন্দা আনোয়ার হোসেন। অভিযোগে ঘটনার নিরপেক্ষ তদন্ত করে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং দায়ীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার দাবি জানানো হয়েছে।
অভিযোগের বিষয়ে হাবিবুর রহমান বলেন, বালু তুলতেছি এইডা সত্য। তবে আমার জায়গা থেকেই আমি বালু তুলে বিক্রি করছি। এটা আমার রেকর্ডিয় জায়গা।
তাহিরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু বলেন, এ বিষয়ে দ্রুততার সাথে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ