ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে দরিদ্র রোগীদের চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৬-০৮-২০২৬ ০৮:৩৫:৪২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে পরিচালিত দৃষ্টি প্রকল্পের মাধ্যমে দরিদ্র মানুষের বিনামূল্যে ছানি অপারেশনসহ সাধারণ চক্ষু রোগের চিকিৎসা সেবা প্রদান করা হচ্ছে। এই কার্যক্রমের অংশ হিসেবে রবিবার (২৩ আগস্ট) সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত জামালগঞ্জ উপজেলাধীন নবীন চন্দ্র উচ্চ বিদ্যালয়ে এক ফ্রি চক্ষু চিকিৎসা ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্পে উক্ত ইউনিয়নের বিভিন্ন এলাকা থেকে আসা অসহায় ও দুস্থ রোগীদের চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়। উক্ত ক্যাম্পে সর্বমোট ৪৫ জনকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা প্রদান করা হয়।
তার মধ্যে ২০ জন চক্ষু রোগীকে ছানি রোগী হিসেবে শনাক্ত করে ১৩ জনকে সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালে নিয়ে ওইদিনই তাদেরকে ছানি অপারেশন করা হয়। উক্ত ১৩ জন রোগীকে পরের দিন সোমবার (২৪ আগস্ট) সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতল থেকে রিলিজ প্রদান করা হয়। রোগীদের বিদায়কালীন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। তিনি বলেন ডাচ্-বাংলা ব্যাংক ব্যাংকিং কার্যক্রমের পাশা-পাশি মানব কল্যাণমূলক নানা সামাজিক উদ্যোগ বাস্তবায়ন করে আসছে। বিশেষ করে দরিদ্র ছানিপরা চক্ষু রোগীদের চিকিৎসা সহায়তা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষাবৃত্তি প্রদান করে প্রতিষ্ঠানটি সামাজিক দায়বদ্ধতা পালন করছে। তিনি আরও বলেন, ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর ও সি.ই.ও এর আন্তরিক সহযোগিতার ফলে দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জে এ ধরনের মানব সেবামূলক কার্যক্রম পরিচালনা করা সম্ভব।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক পিএলসি সুনামগঞ্জ শাখার ক্যাশ অফিসার প্রত্যয় ভট্টাচার্য্য ও এ.আর.ও মারুফ আজহা রাফি এবং সুনামগঞ্জ আধুনিক চক্ষু হাসপাতালের চেয়ারম্যান সাজ্জাদুর রহমান মুস্তাক।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ