ছাতকে ব্যবসায়ীর বাড়িতে দুঃসাহসিক চুরি, ৬ লাখ টাকার মালামাল লুট
ছাতক প্রতিনিধি :
ছাতকে ব্যবসায়িক প্রতিষ্ঠানের মালামাল সংরক্ষণের জন্য ব্যবহৃত একটি বাড়ির গেট ও মূল দরজার তালা ভেঙে প্রায় ৫ লাখ ৯০ হাজার টাকার মালামাল চুরির অভিযোগ উঠেছে। পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের চরেরবন্দ এলাকায় থানা থেকে মাত্র ২০০ গজ দূরে এ চুরির ঘটনায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে।
এ ঘটনায় ছাতক থানায় অজ্ঞাতনামা ব্যক্তিদের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন চরেরবন্দ গ্রামের মৃত আরজদ আলীর ছেলে এবং একতা বালু সমিতি ও ছাতক স’মিল ব্যবসায়ী সমিতির সভাপতি ব্যবসায়ী আবদুস সাত্তার।
অভিযোগ সূত্রে জানা যায়, ছাতক পৌরসভার চরেরবন্দ এলাকায় একটি পরিত্যক্ত বাড়ি গোডাউন হিসেবে ব্যবহার করতেন ব্যবসায়ী আবদুস সাত্তার। সেখানে কনভেয়ার যন্ত্রাংশ, মোটরসহ বিভিন্ন মালামাল সংরক্ষণ করা হতো। গত ২২ আগস্ট রাত আনুমানিক ১১টা থেকে পরদিন সকাল ১০টার মধ্যে কোনো একসময় দুর্বৃত্তরা বাড়িটির গেট ও মূল দরজার তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এ সময় চোরেরা ৫ হর্সপাওয়ারের তিনটি ও ৭ হর্সপাওয়ারের তিনটি মোটর, প্রায় ৯৫০ ফুট বৈদ্যুতিক তার, ৩০০ লিটার ডিজেল, বিভিন্ন ধরনের পুলি, সেফ, ওয়েল্ডিং রড, জেনারেটরের তারসহ বিভিন্ন যন্ত্রাংশ ও লোহার মালামাল নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ৫ লাখ ৯০ হাজার টাকা বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ পাওয়ার পর রোববার সকাল ১১টার দিকে ছাতক থানার উপপরিদর্শক (এসআই) শরিফুল ইসলাম ও হেলাল আহমদ ঘটনাস্থল পরিদর্শন করেন।
ভুক্তভোগী ব্যবসায়ী আবদুস সাত্তার বলেন, চুরির ঘটনায় তিনি আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছেন। ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত শনাক্ত করে গ্রেপ্তার এবং চুরি হওয়া মালামাল উদ্ধারের দাবি জানান তিনি।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করে বলেন, বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
