শান্তিপুর নদী থেকে বালু লুট, চারজনের কারাদন্ড, বাল্কহেড ও চারটি নৌকা জব্দ
- আপলোড সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫১:৩২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৯-০৮-২০২৬ ১২:৫১:৩২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে ইজারাবিহীন শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও পরিবহনের দায়ে চারজনকে ৩০ দিন করে কারাদ- দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় একটি বাল্কহেড ও চারটি নৌকা জব্দ করা হয়।
গত সোমবার (১৭ আগস্ট) বিকেলে উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী শান্তিপুর নদীতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। পরে রাতে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইনে আটক চারজনকে কারাদ- দেন তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মেহেদী হাসান মানিক।
উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে একটি চক্র শান্তিপুর নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন করে আসছিল। স্থানীয়ভাবে বাঁশের বেড়া দিয়ে বালু উত্তোলন বন্ধের উদ্যোগ নেওয়া হলেও তা উপেক্ষা করে চক্রটি নদী থেকে বালু উত্তোলন ও নৌকায় পরিবহন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে সোমবার বিকেলে অভিযান চালায় উপজেলা প্রশাসন। এ সময় বালু উত্তোলনে ব্যবহৃত নৌকা ও চারজনকে আটক করা হয়। অভিযানে জব্দ করা বাল্কহেডটি পুলিশের জিম্মায় রাখা হয়েছে। এছাড়া অবৈধ কাজে ব্যবহৃত ছোট কাঠের নৌকাগুলো ধ্বংস করা হয়।
এদিকে একই দিন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) শাহরুখ আলম শান্তনু পৃথক অভিযান পরিচালনা করেন। অভিযানে অবৈধভাবে মাছ ধরার দায়ে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইনে একজনকে ২ হাজার টাকা জরিমানা করা হয়।
তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মেহেদী হাসান মানিক অভিযানের সত্যতা নিশ্চিত করে বলেন, উপজেলার সব ধরনের অনিয়মের বিরুদ্ধে উপজেলা প্রশাসনের কঠোর নজরদারি রয়েছে। অবৈধভাবে বালু উত্তোলনসহ অনিয়মের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। কোনো অনিয়মকে ছাড় দেওয়া হবে না।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ