স্থানীয় সরকার নির্বাচনে ৩৩ শতাংশ নারী প্রতিনিধিত্ব নিশ্চিতের আহ্বান
- আপলোড সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৪:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১৬-০৮-২০২৬ ০৯:৫৪:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে সব স্তরে নারীর কার্যকর ও অর্থবহ প্রতিনিধিত্ব নিশ্চিত করতে রাজনৈতিক দল, সুশীল সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর সমন্বিত উদ্যোগের আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে নারী প্রার্থীদের জন্য সমান নির্বাচনী অর্থায়ন ও সুযোগ নিশ্চিত করার দাবি জানানো হয়েছে।
শনিবার (১৫ আগস্ট) সকাল সাড়ে ১১টায় সুনামগঞ্জ শহীদ বীর মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি মিলনায়তনে বিকশিত নারী নেটওয়ার্ক আয়োজিত গোলটেবিল বৈঠকে এসব দাবি উঠে আসে। দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের সহযোগিতায় আয়োজিত ‘গণতন্ত্রকে শক্তিশালীকরণ কার্যক্রম : আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে নারীর প্রতিনিধিত্ব - প্রত্যাশা ও করণীয়’ শীর্ষক এ বৈঠকে নারী প্রতিনিধিত্ব বাড়ানোর নানা দিক নিয়ে আলোচনা করা হয়।
বিকশিত নারী নেটওয়ার্ক সুনামগঞ্জ জেলা সহসভাপতি আয়শা সিদ্দিকার সভাপতিত্বে এবং দিরাই পিএফজির সমন্বয়কারী সামছুল ইসলাম সরদার খেজুরের সঞ্চালনায় অনুষ্ঠিত বৈঠকে বক্তব্য দেন ন্যাশনাল ফোরাম অন ফর্ব অ্যান্ড হারমনি সুনামগঞ্জ জেলা কমিটির সমন্বয়ক মাওলানা নূর হোসাইন, দিরাই উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান ছবি চৌধুরী, শান্তিগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান দোলন রানী তালুকদার, জামালগঞ্জ উপজেলা পরিষদের সাবেক মহিলা ভাইস চেয়ারম্যান মারজানা ইসলাম শিবনা, বিশ্বম্ভরপুর পিএফজির সমন্বয়কারী ফুলমালা ও জামালগঞ্জ ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সুনামগঞ্জ জেলা সুজনের সাধারণ স¤পাদক ফজলুল করিম সাঈদ। মূল প্রবন্ধ উপস্থাপন করেন দি হাঙ্গার প্রজেক্ট বাংলাদেশের কুদরত পাশা।
বৈঠকে রাজনৈতিক দলগুলোর প্রতি ইউনিয়ন পরিষদে অন্তত ৩০ শতাংশ চেয়ারম্যান পদে এবং উপজেলা ও জেলা পরিষদে অন্তত ২০ শতাংশ চেয়ারম্যান পদে নারী প্রার্থী মনোনয়নের আহ্বান জানানো হয়। পাশাপাশি পৌরসভা ও সিটি কর্পোরেশনে নারী মেয়র প্রার্থী এবং সাধারণ সদস্য ও কাউন্সিলর পদে অন্তত এক-তৃতীয়াংশ নারী প্রার্থী মনোনয়নের দাবি জানানো হয়।
বক্তারা বলেন, স্থানীয় সরকারে নারীর অংশগ্রহণ শুধু সংরক্ষিত আসনের মধ্যে সীমাবদ্ধ রাখলে হবে না; সিদ্ধান্ত গ্রহণের গুরুত্বপূর্ণ ও সাধারণ পদগুলোতেও নারীদের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। নির্বাচনে নারী প্রার্থীদের পুরুষ প্রার্থীদের সমান সুযোগ, নির্বাচনী অর্থায়ন ও রাজনৈতিক সমর্থন দেওয়ার ওপরও গুরুত্বারোপ করেন তারা।
আলোচনায় অংশ নেন সুরমা ইউনিয়ন পরিষদের সদস্য মাজেদা খাতুন, ভীমখালী ইউনিয়ন পরিষদের সদস্য আলেয়া বেগম, গৌরারং ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য প্রতিমা রানী, মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী জিয়াসমিন, নারীনেত্রী রোসনা আক্তার তৃষ্ণা, রীনা আক্তার, ইউনিয়ন চেয়ারম্যান প্রার্থী মুছিহুর রহমান রাসেল, ইয়ুথ সমন্বয়ক ইয়াহইয়া হাসান, আলী ইমরান, নাজিয়া সরদার, সামছুল কবির, দূরপতি, অনন্যা ও শবনম দোজা জ্যোতিসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ