চিকিৎসার জন্য ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো দুই শিক্ষক বরখাস্ত
- আপলোড সময় : ১১-০৮-২০২৬ ১১:০৯:৪০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১১-০৮-২০২৬ ১১:০৯:৪০ পূর্বাহ্ন
সাইফ উল্লাহ ::
চিকিৎসার জন্য ছুটি নিয়ে দীর্ঘদিন ধরে দুই প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক কর্মস্থলে অনুপস্থিত রয়েছেন। ছুটির মেয়াদ শেষ হলেও তারা বিদ্যালয়ে ফেরেননি বরং পাড়ি জমিয়েছেন অস্ট্রেলিয়ায়। এ কর্মকান্ডের কারণে ওই দুই শিক্ষককে বরখাস্ত করা হয়েছে। রবিবার এ সংক্রান্ত একটি অফিস আদেশ সাংবাদিকদের হাতে এসেছে।
বরখাস্ত হওয়া শিক্ষকগণ হলেন- ধর্মপাশা উপজেলার নোয়াগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক প্রিন্স চন্দ্র তালুকদার ও রায়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক পাপিয়া সুলতানা।
এর আগে তাদের বিরুদ্ধে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি ছাড়াই বিদ্যালয়ে অনুপস্থিত থাকা এবং প্রবাসে পাড়ি জমানোর তথ্য জানা যায়। বিষয়টি প্রকাশ্যে এলে তাদের বিরুদ্ধে প্রাতিষ্ঠানিক ব্যবস্থা নেওয়া হয়।
সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮ অনুযায়ী বিভাগীয় মামলা হয়। তাদের বিরুদ্ধে চিকিৎসার কথা বলে অস্ট্রেলিয়ায় পাড়ি জমানো, অসদাচরণ ও পলায়নের অভিযোগ প্রমাণ হওয়ায় গুরুদ- হিসেবে চাকরি থেকে বরখাস্ত করা হয়।
বিদ্যালয় কর্তৃপক্ষ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বছরের মে মাসে চিকিৎসার কথা বলে ছুটি নিয়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমান পাপিয়া সুলতানা। ছুটি শেষ হলেও তিনি আর বিদ্যালয়ে যোগদান করেননি। অপরদিকে গত বছরের ৪ নভেম্বর থেকে ১৭ নভেম্বর পর্যন্ত চিকিৎসাজনিত ছুটি নিয়ে অস্ট্রেলিয়া চলে যান প্রিন্স চন্দ্র তালুকদার।
কর্মকর্তারা জানান, উভয় শিক্ষকই তাদের বিদেশ যাওয়ার তথ্য প্রধান শিক্ষক বা সংশ্লিষ্ট শিক্ষা কার্যালয়ের কাছে গোপন করেছেন। এমনকি পাসপোর্ট করার জন্যও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো অনুমতি নেননি প্রিন্স চন্দ্র তালুকদার। এ ঘটনায় তাদের বিরুদ্ধে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা, ২০১৮-এর ৩(খ) ও (গ) উপবিধি অনুযায়ী অসদাচরণ ও পলায়নের অভিযোগে বিভাগীয় মামলা করা হয়।
চলতি বছরের ১৫ মার্চ পৃথক স্মারকের মাধ্যমে তাদের স্থায়ী ঠিকানায় অভিযোগনামা ও অভিযোগ বিবরণী পাঠিয়ে জবাব দিতে বলা হলেও তারা কোনো জবাব দেননি। পরে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার তদন্তে তাদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণ হয়।
গত ৩০ জুন মাসে দেওয়া তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়, পাপিয়া সুলতানা ২০২৫ সালের ৪ মে থেকে এবং প্রিন্স চন্দ্র তালুকদার একই বছরের ৪ নভেম্বর থেকে বিনা অনুমতিতে কর্মস্থলে অনুপস্থিত থেকে অস্ট্রেলিয়ায় অবস্থান করছেন।
এ বিষয়ে সুনামগঞ্জ জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোহন লাল দাস জানিয়েছেন, দ্রুতই এ আদেশ কার্যকর করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ধর্মপাশা প্রতিনিধি