টাঙ্গুয়ার হাওরে ডুবে পর্যটকের মৃত্যু
- আপলোড সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৫:১১ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৮-০৮-২০২৬ ০৯:৩৫:১১ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুরে টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ার এলাকায় গোসল করতে গিয়ে মো. আলী আকবর খান (৭২) নামে এক পর্যটকের মৃত্যু হয়েছে। শুক্রবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওরের ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত মো. আলী আকবর খান সিরাজগঞ্জ সদর উপজেলার গুনেরগাতী গ্রামের মৃত আহমেদ আলী খানের ছেলে। বর্তমানে তিনি সাভারের জাহাঙ্গীরনগর হাউজিং সোসাইটির ব্লক-বি/১ নম্বর বাসায় বসবাস করতেন।
নিহতের মেয়ের জামাই খায়রুল ইসলাম জানান, বৃহস্পতিবার রাত ১০টার দিকে নেত্রকোণার মদন ঘাট থেকে ‘সাগর পরিবহন’ নামের একটি পর্যটকবাহী হাউজবোটে ৩২ জনের একটি দল টাঙ্গুয়ার হাওরের উদ্দেশে রওনা দেয়। আলী আকবর খান স্ত্রী, মেয়ে, মেয়ের জামাইসহ অন্য পর্যটকদের সঙ্গে ওই দলে ছিলেন।
শুক্রবার টাঙ্গুয়ার হাওরে পৌঁছানোর পর ওয়াচ টাওয়ারের পাশে হিজল গাছের বাগান এলাকায় অন্যদের সঙ্গে গোসল করতে নামেন আলী আকবর খান। একপর্যায়ে তিনি পানিতে তলিয়ে যান। বিষয়টি দেখতে পেয়ে সঙ্গে থাকা স্বজন ও অন্য পর্যটকরা দ্রুত তাকে উদ্ধার করে তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক আহমদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, নিহতের পরিবারের কোনো অভিযোগ না থাকায় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ নিহতের স্ত্রী ও মেয়ের জামাইয়ের কাছে হস্তান্তর করা হয়েছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ