ধর্মপাশায় বাসস্ট্যান্ডের উদ্বোধন
- আপলোড সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৭-০৮-২০২৬ ০৭:৪৭:২৮ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ধর্মপাশায় যাত্রীদের দুর্ভোগ ও সড়কে যানজট কমাতে নতুন বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়েছে। বুধবার (৫ আগস্ট) বিকেল ৩টায় বিজয়-২৪ চত্বরে উপজেলা বাস পরিবহন মালিক সমিতির উদ্যোগে এ বাসস্ট্যান্ডের উদ্বোধন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাসস্ট্যান্ডের উদ্বোধন করেন সুনামগঞ্জ-১ (ধর্মপাশা, মধ্যনগর, জামালগঞ্জ ও তাহিরপুর) আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল।
উপজেলা বাস পরিবহন মালিক সমিতির সাধারণ স¤পাদক মুশফিকুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি মজিবুর রহমান মজুমদার। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জনি রায়, বাস পরিবহন ও স্ট্যান্ড পরিচালনা মালিক সমিতির উপদেষ্টারা, সহসভাপতি ও সদস্যরা এবং উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, ঢাকা থেকে টাঙ্গুয়ার হাওরগামী পর্যটকবাহী বাস ও ব্যক্তিগত গাড়ি এবং ধর্মপাশা-ঢাকা রুটের বাসগুলো এতদিন সড়কের ওপর এলোমেলোভাবে পার্কিং করায় যানজট সৃষ্টি হতো। এতে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পর্যটকদের দুর্ভোগ পোহাতে হতো। পাশাপাশি নির্দিষ্ট যাত্রী ছাউনি না থাকায় যাত্রীদের নানা সমস্যার মুখোমুখি হতে হতো।
বক্তারা বলেন, এসব সমস্যা নিরসন এবং সড়কে শৃঙ্খলা ফিরিয়ে আনতে নির্দিষ্ট স্থানে বাসস্ট্যান্ড চালু করা হয়েছে। এর ফলে বাস ও পর্যটকবাহী যানবাহনের পার্কিং ব্যবস্থাপনা উন্নত হওয়ার পাশাপাশি যাত্রীদের ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ