সুনামগঞ্জ , মঙ্গলবার, ১৮ অগাস্ট ২০২৬ , ৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
অনাবাদি জমিতে আউশ ধান চাষে সাফল্য, বাড়তি আয়ের আশা কৃষকদের ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ ১০ জনের লাশ ফেলা হয় সাগরে, ২৯ বাংলাদেশি ভাসতে ভাসতে পৌঁছান মিসরে নাগরিক টিভির সুনামগঞ্জ স্টাফ রিপোর্টার হলেন জালাল উদ্দিন নাসিম বিদ্যুৎ-গ্যাস সংকটের সমাধান ১ বছরেও সম্ভব নয় : অর্থমন্ত্রী প্রধানমন্ত্রীর ভারত সফরের অনুকূল পরিবেশ নেই : পররাষ্ট্র মন্ত্রণালয় ভাড়াটে খুনি দিয়ে শ্বশুরকে হত্যা, পুত্রবধূসহ গ্রেপ্তার ৩ নারীর প্রতি সহিংসতা ও শিশু নির্যাতনের প্রতিবাদে মানববন্ধন নারীদের অনার্স পর্যন্ত শিক্ষা ফ্রি করে দেওয়া হবে : প্রধানমন্ত্রী হাওরে শিক্ষক সংকট : কারণ ও প্রতিকার আবারও হাসপাতালে ঢুকে নারী কর্মীকে পেটালো বখাটে সত্যশব্দের অনন্য পরিবেশনা, ছয় ঋতু এক রবিরাগ রমেন্দ্র ভট্টাচার্য্য নাট্যাঙ্গনের আলোকিত ব্যক্তিত্ব তাহিরপুরে সড়কের দুই স্থানে ভাঙন, ঝুঁকি নিয়ে চলাচল শারীরিক প্রতিবন্ধকতা জয় করে গোল্ডেন এ প্লাস অর্জন খালেদা জিয়ার জন্মদিনে দেশজুড়ে বিএনপির দোয়া মাহফিল আজ ১০ মাদ্রাসার দাখিল ফলাফলে বিপর্যয়, কোনো প্রতিষ্ঠানেই জিপিএ-৫ নেই হাওরের জনপদ থেকে এবার মন্ত্রিসভায় প্রতিনিধি চান মানুষ অধ্যাপক ড. মৃদুলকান্তি চক্রবর্তীর মৃত্যুবার্ষিকী আজ বিদ্যুৎ ভোগান্তি কাটবে কবে?
হাওরের প্রাথমিক শিক্ষা

জনবল সংকট নিরসনে জরুরি উদ্যোগ প্রয়োজন

  • আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:২১:১৩ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:২১:১৩ পূর্বাহ্ন
জনবল সংকট নিরসনে জরুরি উদ্যোগ প্রয়োজন
প্রাথমিক শিক্ষা একটি দেশের শিক্ষা ব্যবস্থার ভিত্তি। এই ভিত্তি যত শক্তিশালী হবে, ততই সমৃদ্ধ হবে জাতির ভবিষ্যৎ। কিন্তু দেশের হাওরাঞ্চল, বিশেষ করে সুনামগঞ্জের প্রাথমিক শিক্ষা ব্যবস্থার চিত্র উদ্বেগজনক। শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষা কর্মকর্তা ও কর্মচারীর বিপুল সংখ্যক পদ দীর্ঘদিন ধরে শূন্য থাকায় বাধ্যতামূলক প্রাথমিক শিক্ষা কার্যক্রম মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। এটি শুধু প্রশাসনিক দুর্বলতার বিষয় নয়; এটি ভবিষ্যৎ প্রজন্মের শিক্ষা অধিকার নিশ্চিত করার ক্ষেত্রেও বড় ধরনের চ্যালেঞ্জ। জেলায় ১ হাজার ৪৭৫টি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে ৪৫১টিতে প্রধান শিক্ষক নেই। সহকারী শিক্ষকের ১ হাজার ১৬২টি পদও শূন্য। পাশাপাশি উপজেলা শিক্ষা কর্মকর্তা ও সহকারী উপজেলা শিক্ষা কর্মকর্তার বহু পদ দীর্ঘদিন ধরে খালি থাকায় বিদ্যালয়গুলোর নিয়মিত তদারকি, শিক্ষার মান মূল্যায়ন এবং প্রশাসনিক কার্যক্রম কার্যত দুর্বল হয়ে পড়েছে। এর ফলে শিক্ষকদের জবাবদিহিতা কমছে, শ্রেণিকক্ষে পাঠদান ব্যাহত হচ্ছে এবং শিক্ষার্থীরা কাক্সিক্ষত শিক্ষাসেবা থেকে বঞ্চিত হচ্ছে। হাওরাঞ্চলের ভৌগোলিক বাস্তবতা দেশের অন্যান্য অঞ্চলের তুলনায় সম্পূর্ণ ভিন্ন। বর্ষা মৌসুমে দীর্ঘ সময় যোগাযোগ বিচ্ছিন্ন থাকে, অনেক বিদ্যালয়ে পৌঁছানো কঠিন হয়ে পড়ে। এই বাস্তবতায় সাধারণ নীতিমালা দিয়ে হাওরের শিক্ষা সমস্যার সমাধান সম্ভব নয়। বরং এ অঞ্চলের জন্য বিশেষ পরিকল্পনা, বিশেষ প্রণোদনা এবং প্রয়োজনভিত্তিক জনবল ব্যবস্থাপনা জরুরি। সম্প্রতি প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রীর দুর্গম হাওর এলাকা পরিদর্শন এবং শিক্ষার মান নিয়ে অসন্তোষ প্রকাশ পরিস্থিতির গুরুত্বই তুলে ধরেছে। তবে শুধু নির্দেশনা দিয়ে এই সংকট দূর করা সম্ভব হবে না। প্রয়োজন দ্রুত শূন্য পদে নিয়োগ, বিদ্যালয়ভিত্তিক শিক্ষক বণ্টনে ভারসাম্য নিশ্চিত করা এবং শিক্ষা প্রশাসনের সব স্তরে প্রয়োজনীয় জনবল নিয়োগের কার্যকর উদ্যোগ। একই সঙ্গে হাওরে কর্মরত শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের জন্য বিশেষ ভাতা, আবাসন সুবিধা, নিরাপদ যাতায়াত ব্যবস্থা এবং পদোন্নতিতে প্রণোদনার মতো নীতিগত ব্যবস্থা বিবেচনা করা যেতে পারে। এতে দুর্গম এলাকায় দায়িত্ব পালনে দক্ষ ও অভিজ্ঞ জনবল উৎসাহিত হবে। পাশাপাশি ডিজিটাল মনিটরিং, নিয়মিত প্রশিক্ষণ এবং স্থানীয় জনগণের অংশগ্রহণ নিশ্চিত করলে শিক্ষা ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। শিক্ষার মানোন্নয়নে শুধু সরকার নয়, জনপ্রতিনিধি, স্থানীয় প্রশাসন, অভিভাবক ও নাগরিক সমাজকেও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কারণ প্রাথমিক শিক্ষা কোনো একক প্রতিষ্ঠানের দায়িত্ব নয়; এটি জাতীয় উন্নয়নের অন্যতম প্রধান ভিত্তি। হাওরের শিশুদেরও দেশের অন্য অঞ্চলের শিশুদের মতো মানসম্মত শিক্ষার সমান অধিকার রয়েছে। ভৌগোলিক বৈচিত্র্য যেন তাদের শিক্ষার পথে বাধা না হয়, তা নিশ্চিত করা রাষ্ট্রের সাংবিধানিক ও নৈতিক দায়িত্ব। তাই সুনামগঞ্জসহ হাওরাঞ্চলের প্রাথমিক শিক্ষাকে বিশেষ গুরুত্ব দিয়ে দ্রুত জনবল সংকট নিরসন, প্রশাসনিক সক্ষমতা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই। শিক্ষার ভিত্তি যত মজবুত হবে, ততই সমৃদ্ধ হবে হাওর, আর শক্তিশালী হবে বাংলাদেশের ভবিষ্যৎ।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ

ভূমধ্যসাগরে নিখোঁজ সুনামগঞ্জের ৫ তরুণ