সুনামগঞ্জে নাগরিক তথ্য অধিকার ফোরামের আত্মপ্রকাশ
- আপলোড সময় : ০৩-০৮-২০২৬ ০১:১৯:৫০ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৩-০৮-২০২৬ ০১:১৯:৫০ পূর্বাহ্ন
সরকারি ও বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠানে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করা এবং সাধারণ জনগণকে তথ্য অধিকার আইন-২০০৯ সম্পর্কে সচেতন করার লক্ষ্যে সুনামগঞ্জে আনুষ্ঠানিকভাবে আত্মপ্রকাশ করেছে ‘নাগরিক তথ্য অধিকার ফোরাম, সুনামগঞ্জ’।
রবিবার (২ই আগস্ট) শহরের মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে আয়োজিত এক মতবিনিময় সভায় সংগঠনটির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। সভায় কবি ও লেখক সুখেন্দু সেনের সভাপতিত্বে এবং যুব সংগঠক মো. ওবায়দুল হক মিলনের সঞ্চালনায় বক্তব্য দেন সাংস্কৃতিক ও সমাজকর্মী মনসুর আলম তালুকদার, মুক্তিযোদ্ধা শহীদ জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরির সাধারণ সম্পাদক ও সাংবাদিক অ্যাডভোকেট খলিল রহমান এবং হাওর ও নদী রক্ষা আন্দোলনের সভাপতি মো. রাজু আহমেদ।
সভায় বক্তারা বলেন, তথ্য পাওয়া কোনো দয়া নয়; এটি নাগরিকের আইনগত ও মৌলিক অধিকার। তথ্য অধিকার আইনের কার্যকর ব্যবহারের মাধ্যমে সমাজের সর্বস্তরে স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন প্রতিষ্ঠা সম্ভব। বিশেষ করে সুনামগঞ্জের হাওরাঞ্চলসহ প্রত্যন্ত এলাকার মানুষ যাতে তাঁদের প্রাপ্য সরকারি-বেসরকারি সেবা ও উন্নয়ন কার্যক্রম সম্পর্কে সঠিক তথ্য জানতে পারেন, সে লক্ষ্যে ফোরামটি কাজ করবে।
সভায় সর্বসম্মতিক্রমে মো. মুজাহিদুল ইসলাম মজনুকে সভাপতি এবং মো. ওবায়দুল হক মিলনকে সাধারণ সম্পাদক করে ৩৫ সদস্যবিশিষ্ট জেলা কার্যকরী কমিটি গঠন করা হয়। কমিটিতে মো. মাইনুদ্দীন ও মহসিন আলমকে যুগ্ম সাধারণ সম্পাদক, ইজাজুল হক চৌধুরী নাছিমকে সাংগঠনিক সম্পাদক, মতিউর রহমানকে দপ্তর সম্পাদক, অ্যাডভোকেট আইন উদ্দিনকে আইন ও অধিকার (RTI) বিষয়ক সম্পাদক, আকিব জাবেদকে অর্থ সম্পাদক, মোশফিকুর রহমান স্বপনকে প্রচার ও প্রকাশনা সম্পাদক এবং শবনম দ্দোজা জ্যোতিকে গবেষণা ও তথ্য সম্পাদক করা হয়েছে।
এ ছাড়া কমিটিতে প্রশিক্ষণ ও সচেতনতা, তথ্যপ্রযুক্তি ও মাধ্যম, পরিবেশ ও জনস্বার্থসহ বিভিন্ন পদে দায়িত্ব দেওয়া হয়। সভায় জেলার সামাজিক, সাংস্কৃতিক, পরিবেশবাদী আন্দোলন ও সাংবাদিক সমাজের প্রতিনিধিরা উপস্থিত থেকে নবগঠিত সংগঠনের সফলতা কামনা করেন। -সংবাদ বিজ্ঞপ্তি
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

প্রেস বিজ্ঞপ্তি