দুর্গম হাওরের প্রাথমিক বিদ্যালয়ে ক্লাস নিলেন প্রতিমন্ত্রী
- আপলোড সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৬:২২ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৮-০৭-২০২৬ ১০:৩৬:২২ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার দুর্গম হাওরের চারটি বিদ্যালয়ে ক্লাস নিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ। সোমবার দুপুর থেকে বিকেল ৫টা পর্যন্ত টাঙ্গুয়ার হাওর, শনির হাওর, মাটিয়ান হাওরের বিভিন্ন বিদ্যালয় পরিদর্শনে গিয়ে পিছিয়ে পড়া হাওরের শিক্ষার্থীদের সঙ্গে গল্প করেন। এসময় তিনি উপজেলার দক্ষিণ শ্রীপুর ইউনিয়নের শাহগঞ্জ, পাটাবুকা, সোলেমানপুর ও উত্তরশ্রীপুর ইউনিয়নের জয়পুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে বাংলা, ইংরেজি, গণিত, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং ধর্মশিক্ষার ক্লাস নেন। শিশুদের ক্লাস নিয়ে ত্রুটিবিচ্যুতি ধরে তিনি শিক্ষক, শিক্ষা কর্মকর্তাদের এক মাসের ভিতর প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে কার্যকর ভূমিকা নেবার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী শিক্ষার্থীদের রিডিং, রাইটিং দক্ষতাসহ পাঠদানের নানা বিষয় নিয়ে কথা বলেন। তিনি পিছিয়ে পড়া শিক্ষার্থীদের একসঙ্গে বিষয়ভিত্তিক বেসিক ক্লাস নেওয়ার নির্দেশনা দেন।
প্রতিমন্ত্রী আরো বলেন, বাস্তবিক কারণেই হাওরের প্রাথমিক শিক্ষা পিছিয়ে আছে। তাই প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে আমরা কাজ করছি।
প্রতিমন্ত্রীর স্কুল পরিদর্শনকালে উপস্থিত ছিলেন সুনামগঞ্জ-১ আসনের এমপি কামরুজ্জামান কামরুল, পিটিআই সুপার দীপঙ্কর মোহান্ত, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহনলাল দাস, তাহিরপুর উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার সোলেমান মিয়া, জেলা বিএনপির সদস্য আবুল কালাম, রাখাব উদ্দিন, তাহিরপুর উপজেলা বিএনপির আহ্বায়ক বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক জুনাব আলী, যুগ্ম আহ্বায়ক মেহেদী হাসান উজ্জ্বল প্রমুখ।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ