লঞ্চঘাটে আড্ডা ও শৃঙ্খলাভঙ্গ রোধে জুবিলী উচ্চ বিদ্যালয়ের জরুরি সতর্কবার্তা
স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীদের শৃঙ্খলা বজায় রাখতে জরুরি সতর্কীকরণ বিজ্ঞপ্তি জারি করেছে বিদ্যালয় কর্তৃপক্ষ। সম্প্রতি বিদ্যালয়ের কিছু শিক্ষার্থী ইউনিফর্ম পরিহিত অবস্থায় বিদ্যালয় শুরু হওয়ার আগে, ছুটির পর কিংবা অন্যান্য সময়ে লঞ্চঘাটসহ আশপাশের জনাকীর্ণ স্থানে অহেতুক আড্ডা, বিশৃঙ্খলা সৃষ্টি এবং স্থানীয় পথচারী ও এলাকাবাসীর সঙ্গে শিষ্টাচারবহির্ভূত আচরণ করছে - এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
মঙ্গলবার (২১ জুলাই) বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. আজাদ মিয়া স্বাক্ষরিত এক জরুরি বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ ধরনের কর্মকা- বিদ্যালয় কর্তৃপক্ষের নজরে এসেছে এবং এ নিয়ে স্থানীয়ভাবে একাধিক অভিযোগও পাওয়া গেছে। শিক্ষাপ্রতিষ্ঠানের সুনাম রক্ষা এবং শিক্ষার্থীদের মধ্যে শৃঙ্খলা বজায় রাখতে এমন আচরণ কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
অভিভাবকদের প্রতি আহ্বান জানিয়ে বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সন্তানরা নির্ধারিত সময়ে বিদ্যালয়ে আসছে কি না এবং ছুটির পর সরাসরি বাড়ি ফিরছে কি না - সে বিষয়ে অভিভাবকদের আরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
একই সঙ্গে শিক্ষার্থীদের সতর্ক করে বলা হয়েছে, যদি কোনো শিক্ষার্থীর বিরুদ্ধে বিদ্যালয়ের নীতি ও শৃঙ্খলাবিরোধী কর্মকা-ে জড়িত থাকার প্রমাণ পাওয়া যায়, তাহলে বিদ্যালয় পরিচালনা পর্ষদ ও শৃঙ্খলা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সংশ্লিষ্ট শিক্ষার্থীর বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে।
এ বিষয়ে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক এ. কে. এম. আজাদ মিয়া সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেছেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
