হবিগঞ্জে দুর্ঘটনা
দুই বাসের মুখোমুখি সংঘর্ষে জামালগঞ্জের কিশোর নিহত
- আপলোড সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫০:৫৫ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০৯-০৭-২০২৬ ১০:৫০:৫৫ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
হবিগঞ্জের বাহুবল উপজেলায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে জামালগঞ্জ উপজেলার এক কিশোরসহ দুইজন নিহত হয়েছেন। নিহত কিশোর নুর মোহাম্মদ (১৫) জামালগঞ্জ উপজেলার বাসিন্দা। এ ঘটনায় অন্তত ২০ জন যাত্রী আহত হয়েছেন।
বুধবার সকাল ৮টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের বাহুবল উপজেলার ডুবাঐ বাজার এলাকায় আকিজ ভেঞ্চার কোম্পানির সামনের সড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন জামালগঞ্জ উপজেলার সাদ্দাম হোসেনের ছেলে নুর মোহাম্মদ (১৫) এবং কিশোরগঞ্জের কাটিয়াদী পৌরসভার দড়ি চরিয়াকোনা গ্রামের মোহাম্মদ আলীর ছেলে ও ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল (৫০)।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে সিলেট থেকে ঢাকাগামী ইউনিক পরিবহনের একটি যাত্রীবাহী বাস ডুবাঐ বাজার এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা সিলেটগামী লাকি পরিবহনের একটি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ইউনিক পরিবহনের বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়ক থেকে ছিটকে পাশের খাদে পড়ে যায়। অপরদিকে লাকি পরিবহনের বাসটি দুমড়ে-মুচড়ে যায়।
দুর্ঘটনায় ঘটনাস্থলেই ইউনিক পরিবহনের বাসচালক তাজুল ইসলাম রুবেল নিহত হন। গুরুতর আহত হন নুর মোহাম্মদসহ উভয় বাসের অন্তত ২০ জন যাত্রী। স্থানীয় লোকজন, ফায়ার সার্ভিস ও পুলিশ আহতদের উদ্ধার করে হবিগঞ্জ জেলা সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে পাঠায়। গুরুতর আহত নুর মোহাম্মদকে বাহুবল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দুর্ঘটনার পর প্রায় এক ঘণ্টা ঢাকা-সিলেট মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। পরে শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানা পুলিশ ও বাহুবল ফায়ার সার্ভিসের সদস্যরা দুর্ঘটনাকবলিত বাস দুটি সরিয়ে নিলে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা জানান, দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত এবং অন্তত ২০ জন আহত হয়েছেন। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ