ডাচ্-বাংলা ব্যাংকের অর্থায়নে ৩৪ দরিদ্র রোগীর চোখের ছানি অপারেশন
- আপলোড সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন
- আপডেট সময় : ০১-০৭-২০২৬ ০১:৫৫:৪৪ পূর্বাহ্ন
স্টাফ রিপোর্টার ::
ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে পরিচালিত ‘দৃষ্টি প্রকল্প’-এর আওতায় সুনামগঞ্জে দরিদ্র ও অসচ্ছল রোগীদের বিনামূল্যে চোখের ছানি অপারেশন স¤পন্ন হয়েছে। গত ২৯ জুন জামালগঞ্জ উপজেলার মদিনাতুল উলুম হুসাইনিয়া পঞ্চগ্রাম শেরমস্তপুর মাদ্রাসায় একটি ফ্রি চক্ষু ক্যাম্প অনুষ্ঠিত হয়। ভার্ড চক্ষু হাসপাতাল আয়োজিত এ ক্যাম্পে ১২০ জন রোগীকে প্রাথমিক চক্ষু সেবা প্রদান করা হয়। এর মধ্যে ৩৮ জন রোগীকে ছানি অপারেশনের জন্য নির্বাচন করা হয় এবং পর্যায়ক্রমে ৩৪ জন অসচ্ছল রোগীর বিনামূল্যে ছানি অপারেশন স¤পন্ন করা হয়।
হাসপাতালের অভিজ্ঞ সিনিয়র চক্ষু বিশেষজ্ঞ ও ফ্যাকো সার্জন ডা. বি.কে.এম. সানোয়ার আধুনিক প্রযুক্তির মাধ্যমে লেন্স প্রতিস্থাপন করে সফলভাবে অপারেশনগুলো স¤পন্ন করেন। অপারেশনের পর রোগীরা স্বাভাবিক দৃষ্টিশক্তি ফিরে পাওয়ায় সন্তোষ প্রকাশ করেন।
রোগীদের বিদায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাচ্-বাংলা ব্যাংক সুনামগঞ্জ শাখার উপ-ব্যবস্থাপক সুজন পুরকায়স্থ। বিশেষ অতিথি ছিলেন ক্যাশ ইনচার্জ মো. মেসবাহ উদ্দিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভার্ড চক্ষু হাসপাতালের ম্যানেজার মো. নূর হোসেন।
প্রধান অতিথির বক্তব্যে সুজন পুরকায়স্থ বলেন, ব্যাংকিং কার্যক্রমের পাশাপাশি ডাচ্-বাংলা ব্যাংক দীর্ঘদিন ধরে সমাজকল্যাণমূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছে। এর মধ্যে দরিদ্র রোগীদের চক্ষু চিকিৎসা সেবা এবং মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা বৃত্তি প্রদান অন্যতম। তিনি বলেন, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তার আন্তরিক সহযোগিতায় দেশের অন্যান্য জেলার মতো সুনামগঞ্জেও মানবসেবামূলক এসব কার্যক্রম সফলভাবে বাস্তবায়ন করা সম্ভব হচ্ছে।
এ সময় রোগী, তাদের স্বজন এবং স্থানীয়রা এ উদ্যোগের প্রশংসা করেন এবং ভার্ড আই কেয়ার সার্ভিস (ভার্ড-ইসিএস), ভার্ড চক্ষু হাসপাতাল সুনামগঞ্জ ও ডাচ্-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ