নিরাপদ শহর গড়তে প্রয়োজন সমন্বিত উদ্যোগ
- আপলোড সময় : ২৫-০৬-২০২৬ ০২:১২:০৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৫-০৬-২০২৬ ০২:১২:০৩ পূর্বাহ্ন
সুনামগঞ্জ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত দুটি ব্যবসা প্রতিষ্ঠান - হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরির ঘটনা নতুন করে উদ্বেগ সৃষ্টি করেছে। শহরের অন্যতম ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকায় সংঘটিত এ ঘটনা শুধু দুটি প্রতিষ্ঠানের আর্থিক ক্ষতির বিষয় নয়; এটি শহরের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি এবং জননিরাপত্তা ব্যবস্থার কার্যকারিতা নিয়েও প্রশ্ন তুলেছে।
উদ্বেগের বিষয় হলো, এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়। গত কয়েক মাসে শহরে একাধিক চুরির ঘটনা ঘটেছে। সদর মডেল থানার সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতে চুরি, বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে চুরিসহ ধারাবাহিক অপরাধমূলক কর্মকা-ের পরও অপরাধীদের শনাক্ত ও আইনের আওতায় আনার ক্ষেত্রে দৃশ্যমান অগ্রগতি পরিলক্ষিত হয়নি। ফলে সাধারণ মানুষের মধ্যে নিরাপত্তাহীনতা বাড়ছে এবং অপরাধীদের মধ্যে এক ধরনের দায়মুক্তির সংস্কৃতি তৈরি হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে।
চোরেরা যে কৌশলে ছাদের টিন খুলে সিলিং ভেঙে দোকানের ভেতরে প্রবেশ করেছে, তা পরিকল্পিত অপরাধের ইঙ্গিত দেয়। শহরের কেন্দ্রস্থলে এমন ঘটনা সংঘটিত হওয়া প্রমাণ করে যে অপরাধীরা বেশ সাহসী হয়ে উঠেছে। ব্যবসায়ীরা তাদের পুঁজি ও স¤পদের নিরাপত্তা নিয়ে শঙ্কিত হয়ে পড়েছেন। একটি শহরের অর্থনৈতিক কর্মকা- সচল রাখতে ব্যবসায়ীদের নিরাপত্তা নিশ্চিত করা অত্যন্ত জরুরি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দায়িত্ব হলো ঘটনার দ্রুত তদন্ত করে অপরাধীদের শনাক্ত ও গ্রেপ্তার করা। একই সঙ্গে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় রাতের টহল জোরদার, সিসিটিভি নজরদারি কার্যকর করা এবং ব্যবসায়ী ও নাগরিকদের সঙ্গে সমন্বয় বৃদ্ধি করা প্রয়োজন। চুরির মতো অপরাধ বারবার ঘটলেও যদি অপরাধীরা ধরা না পড়ে, তাহলে জনগণের আস্থা ক্ষুণœ হওয়া স্বাভাবিক।
আমরা আশা করি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সাম্প্রতিক চুরির ঘটনাগুলোকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখবে এবং দ্রুত সময়ের মধ্যে অপরাধীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করবে। নিরাপদ শহর গড়ে তোলা শুধু আইনশৃঙ্খলা বাহিনীর দায়িত্ব নয়; এটি প্রশাসন, ব্যবসায়ী সমাজ এবং সচেতন নাগরিকদের সম্মিলিত দায়িত্ব। তবে নেতৃত্ব দিতে হবে রাষ্ট্রকেই। নাগরিকের জানমাল রক্ষা এবং নিরাপত্তা নিশ্চিত করার মধ্য দিয়েই সেই দায়িত্বের যথাযথ প্রতিফলন ঘটবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

সম্পাদকীয়