স্টাফ রিপোর্টার::
সুনামগঞ্জ শহরের ট্রাফিক পয়েন্ট এলাকার দুটি ব্যবসা প্রতিষ্ঠানে চুরির ঘটনা ঘটেছে। সোমবার দিবাগত রাতে শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত মেসার্স হক ফার্মেসি ও মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্সে এই চুরি সংঘটিত হয়। এ ঘটনায় শহরজুড়ে উদ্বেগ ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের অনেকে বিষয়টিকে পরিকল্পিত বা প্রতিহিংসামূলক ঘটনা বলেও মন্তব্য করেছেন। উল্লেখ্য, গত ২০ মে সদর মডেল থানার সামনে অবস্থিত শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরিতেও চুরির ঘটনা ঘটে। গত মাসে দুই দফা চুরি হয়। তবে ওই ঘটনার সঙ্গে জড়িত কাউকে এখনো শনাক্ত বা আটক করতে পারেনি পুলিশ। সাম্প্রতিক ধারাবাহিক চুরির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে নানা জল্পনা-কল্পনা শুরু হয়েছে। হক ফার্মেসির সংশ্লিষ্টরা জানান, তারা সোমবার রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে সবাই চলে যান। পরে গভীর রাতে দুর্বৃত্তরা ছাদের টিন খুলে ঘরের সিলিং ভেঙে ভেতরে প্রবেশ করে। তারা সিসি ক্যামেরা, আইপিএসসহ বিভিন্ন মালামাল চুরি করে নিয়ে যায়। একই সময়ে পাশের মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্স থেকেও বিভিন্ন ইলেক্ট্রনিক পণ্য চুরি করা হয়। স্থানীয় একাধিক ব্যক্তি জানান, গত ২০ মে থেকে এ পর্যন্ত শহরে অন্তত পাঁচটি চুরির ঘটনা ঘটেছে। এর মধ্যে রয়েছে একটি পাঠাগার, সবজি বাজারের রাজু মিয়ার চালের দোকানসহ আরও কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান। তবে এসব ঘটনায় জড়িত কাউকে এখনো আটক করতে পারেনি পুলিশ। হক ফার্মেসির ম্যানেজার রূপক তালুকদার বলেন, রাত সাড়ে ১০টার দিকে দোকান বন্ধ করে চলে যাই। সকালে এসে দেখি দোকানে চুরি হয়েছে। পরে পুলিশকে বিষয়টি অবগত করলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ফার্মেসির স্বত্বাধিকারী তাহমিদ হক বলেন, কয়েকদিন আগে আগুনের ঘটনা ঘটেছে। এখন দোকান খুলতেই চুরির ঘটনা ঘটল। একই ধরনের উদ্বেগ প্রকাশ করেন মেসার্স পপুলার ইলেক্ট্রনিক্সের স্বত্বাধিকারী পারভেজ আহমেদ।
এ বিষয়ে জানতে সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রতন শেখের মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি কল রিসিভ করেননি।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
শহরের প্রাণকেন্দ্রে হক ফার্মেসি ও পপুলার ইলেক্ট্রনিক্সে চুরি
- আপলোড সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫০:১৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ২৪-০৬-২০২৬ ০৮:৫০:৪৮ পূর্বাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ