সুনামগঞ্জ , শুক্রবার, ১৮ সেপ্টেম্বর ২০২৬ , ৩ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
দোয়ারাবাজারে নদীভাঙনে অস্তিত্ব হারাচ্ছে কবরস্থান তাহিরপুরে সড়কের বেহাল দশা,দুর্ভোগে পর্যটক-স্থানীয়রা ভূমি অফিস শতভাগ দুর্নীতিমুক্ত করার ঘোষণা এসিল্যান্ডের দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প হারানো সরকারি অস্ত্রের তথ্য দিলে পুরস্কার দিবে এসআরবি শান্তিগঞ্জে মহাসড়কে দু’পক্ষের সংঘর্ষ, আহত ৯ বাংলাদেশ পূজা উদযাপন পরিষদের অস্থায়ী কার্যালয় উদ্বোধন ‎প্রতি শুক্রবার আইসিসিবিতে বসবে ‘সুপার সেল কার বাজার’ বিশ্বম্ভরপুরে এসআরবি-৯ এর অভিযানে ৩৩ বোতল বিদেশী মদসহ গ্রেফতার ১ শান্তিগঞ্জে জমজমাট নৌকা বাইচ সিলেট-ছাতক রেলপথ সংস্কারে কচ্ছপের গতি পাঠ্যবইয়ে যুক্ত হচ্ছে জিয়াউর রহমানের ‘স্বাধীনতা যুদ্ধের স্মৃতি' দেশে ৭ মাসে ধর্ষণের শিকার ৬৪১ নারী-শিশু : আসক ‎জামালগঞ্জে বিষাক্ত রং ও মেয়াদোত্তীর্ণ খাদ্য বিক্রি, ৩ প্রতিষ্ঠানকে জরিমানা গণতন্ত্র রক্ষা করাই এখন সবচেয়ে বড় কাজ : সিলেটে রাষ্ট্রপতি ভারত ও বাংলাদেশের মধ্যে সাংস্কৃতিক সম্পর্ক আরো সুদৃঢ় হবে : ভারতীয় সহকারী হাইকমিশনার অনিরুদ্ধ দাস টাঙ্গুয়ার হাওরেও পাওয়া যাচ্ছে রাক্ষুসে সাকার মাছ তাহিরপুরে বন্যা পূর্ব প্রস্তুতি ও আগাম সাড়াদান মহড়া অনুষ্ঠিত ৮ বছর ধরে অকেজো কোটি টাকার সোলার প্যানেল জামালগঞ্জে চাচাতো ভাইয়ের আঘাতে ভাইয়ের মৃত্যু

সুনামগঞ্জকে রেল নেটওয়ার্কে যুক্ত করুন

  • আপলোড সময় : ১৮-০৬-২০২৬ ১২:০১:৪৬ পূর্বাহ্ন
  • আপডেট সময় : ১৮-০৬-২০২৬ ১২:০১:৪৬ পূর্বাহ্ন
সুনামগঞ্জকে রেল নেটওয়ার্কে যুক্ত করুন
দেশের রেল যোগাযোগ সম্প্রসারণে আরও ১০টি জেলা যুক্ত হওয়ার সরকারি উদ্যোগ নিঃসন্দেহে একটি ইতিবাচক ও আশাব্যঞ্জক সংবাদ। শেরপুর, মেহেরপুর, মাগুরা, সাতক্ষীরা, বরিশাল, বরগুনা, পটুয়াখালী, ঝালকাঠি, পিরোজপুর ও লক্ষ্মীপুরকে রেলসেবার আওতায় আনার পরিকল্পনা দেশের সার্বিক উন্নয়ন ও আঞ্চলিক বৈষম্য হ্রাসের লক্ষ্যের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। সরকার যখন দেশের সব ৬৪ জেলাকে রেল যোগাযোগের আওতায় আনার ঘোষণা দিয়েছে, তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে- সুনামগঞ্জের নাম সেই তালিকায় কোথায়? স্বাধীনতার ৫৫ বছরেরও বেশি সময় পেরিয়ে গেলেও দেশের বৃহৎ হাওরাঞ্চলের জেলা সুনামগঞ্জ এখনও রেল যোগাযোগ থেকে বঞ্চিত। অথচ এই জেলার রয়েছে অর্থনৈতিক, কৃষি, মৎস্য, পর্যটন এবং সীমান্ত বাণিজ্যের বিপুল সম্ভাবনা। দেশের অন্যতম বৃহৎ মৎস্যভা-ার, কৃষি উৎপাদনের গুরুত্বপূর্ণ অঞ্চল এবং পর্যটনের নতুন সম্ভাবনাময় কেন্দ্র হিসেবে সুনামগঞ্জের গুরুত্ব প্রতিনিয়ত বাড়ছে। তাহিরপুরের টাঙ্গুয়ার হাওর, বিশ্বম্ভরপুর ও তাহিরপুরের সীমান্ত এলাকা, মধ্যনগর-ধর্মপাশার বিস্তীর্ণ হাওরাঞ্চলসহ জেলার বিভিন্ন পর্যটন কেন্দ্র প্রতিবছর হাজার হাজার দর্শনার্থীকে আকর্ষণ করছে। কিন্তু উন্নত যোগাযোগ ব্যবস্থার অভাবে এ সম্ভাবনার পূর্ণ বিকাশ বাধাগ্রস্ত হচ্ছে। সুনামগঞ্জবাসীর রেল যোগাযোগের দাবি নতুন নয়। এর আগেও সিলেট-সুনামগঞ্জ রেললাইন স্থাপনের বিষয়ে আলোচনা হয়েছিল। বিভিন্ন সময়ে সম্ভাব্যতা যাচাই, প্রাথমিক পরিকল্পনা এবং রাজনৈতিক প্রতিশ্রুতির কথাও শোনা গেছে। কিন্তু বাস্তবে কোনো প্রকল্পই দৃশ্যমান অগ্রগতি লাভ করেনি। ফলে প্রতিবার নতুন রেল প্রকল্পের ঘোষণা এলে সুনামগঞ্জের মানুষ আশাবাদী হলেও শেষ পর্যন্ত হতাশাই তাদের সঙ্গী হয়েছে। প্রকৃতপক্ষে সিলেট থেকে সুনামগঞ্জ পর্যন্ত রেল সংযোগ স্থাপন করা গেলে শুধু যাত্রী পরিবহনই নয়, কৃষিপণ্য, মাছ, পাথর এবং অন্যান্য স্থানীয় সম্পদ দ্রুত দেশের বিভিন্ন অঞ্চলে পরিবহন করা সম্ভব হবে। এতে পরিবহন ব্যয় কমবে, ব্যবসা-বাণিজ্য সম্প্রসারিত হবে এবং নতুন কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। একইসঙ্গে হাওরাঞ্চলের মানুষের জন্য শিক্ষা, চিকিৎসা ও কর্মসংস্থানের ক্ষেত্রে রাজধানীসহ দেশের অন্যান্য অঞ্চলের সঙ্গে যোগাযোগ আরও সহজ হবে। এটিও মনে রাখতে হবে যে, উন্নয়নের মূল দর্শন হওয়া উচিত সমতা ও অন্তর্ভুক্তি। দেশের একের পর এক জেলা যখন রেলসেবার আওতায় আসছে, তখন সুনামগঞ্জের মতো একটি গুরুত্বপূর্ণ জেলা দীর্ঘদিন ধরে উপেক্ষিত থাকবে - এটি কাম্য নয়। উন্নয়ন শুধু বড় শহর বা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ অঞ্চলে সীমাবদ্ধ থাকলে জাতীয় অগ্রযাত্রা পূর্ণতা পায় না। হাওরাঞ্চলের মানুষেরও সমান নাগরিক অধিকার রয়েছে এবং আধুনিক যোগাযোগ সুবিধা পাওয়ার দাবিও তাদের ন্যায্য। আমরা মনে করি, সরকারের ঘোষিত ‘সব জেলার জন্য রেল যোগাযোগ’ পরিকল্পনায় সুনামগঞ্জকে অগ্রাধিকার ভিত্তিতে অন্তর্ভুক্ত করা প্রয়োজন। সিলেট-সুনামগঞ্জ রেললাইন নির্মাণের সম্ভাব্যতা সমীক্ষা দ্রুত সম্পন্ন করে প্রকল্প বাস্তবায়নের রূপরেখা ঘোষণা করা উচিত। আমরা শুধু আশ্বাস নয়, চাই দৃশ্যমান পদক্ষেপ ও সময়বদ্ধ কর্মপরিকল্পনা। সুনামগঞ্জবাসীর দীর্ঘদিনের প্রাণের দাবি একটাই- উন্নয়নের মূলধারা থেকে আমাদের বিচ্ছিন্ন রাখবেন না। দেশের রেল মানচিত্রে সুনামগঞ্জের নামও দেখতে চাই। রেল নেটওয়ার্কে যুক্ত হোক সুনামগঞ্জ, এগিয়ে যাক হাওরাঞ্চল, শক্তিশালী হোক বাংলাদেশের সামগ্রিক উন্নয়ন - এ প্রত্যাশা।

নিউজটি আপডেট করেছেন : SunamKantha

কমেন্ট বক্স
দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প

দুই বছর ধরে ঝুলে আছে ১৩ নদী পুনঃখনন প্রকল্প