হাসপাতাল থেকে চুরি হওয়া নবজাতক উদ্ধার, দম্পতি আটক
- আপলোড সময় : ১২-০৬-২০২৬ ১১:২৭:০৫ অপরাহ্ন
- আপডেট সময় : ১২-০৬-২০২৬ ১১:২৭:০৫ অপরাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে চুরি হয়ে যাওয়া এক নবজাতককে উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় নবজাতককে হাসপাতাল থেকে নিয়ে যাওয়া অটোরিকশা (সিএনজি) চালক কাওসার আহমেদকে আটক করা হয়েছে।
হাসপাতাল সূত্রে জানা যায়, গত ৮ জুন উপজেলার সদর ইউনিয়নের আন্ধারীগাঁও সড়কের পাশ থেকে ৪-৫ দিন বয়সী এক ছেলে নবজাতককে উদ্ধার করেন সিএনজি চালক কাওসার আহমেদ। পরে তিনি নবজাতকটিকে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি উপজেলা সমাজসেবা অফিসকে অবহিত করলে শিশুটির দায়িত্ব গ্রহণের প্রক্রিয়া শুরু হয়। এ সময় নবজাতকটিকে দত্তক নিতে ১৩ জন আবেদন করেন।
অভিযোগ রয়েছে, গত ১১ জুন হাসপাতাল কর্তৃপক্ষের কোনো ছাড়পত্র ছাড়াই কাওসার আহমেদ নবজাতকটিকে হাসপাতাল থেকে নিয়ে যান। বিষয়টি জানাজানি হলে হাসপাতাল কর্তৃপক্ষ, সমাজসেবা বিভাগ ও পুলিশ প্রশাসন শিশুটিকে উদ্ধারে তৎপর হয়ে ওঠে।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় কাওসার আহমেদ ও তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে শান্তিগঞ্জ উপজেলায় অবস্থান করছেন। এরপর ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমানের নেতৃত্বে এবং শান্তিগঞ্জ থানার সহযোগিতায় যৌথ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে শান্তিগঞ্জ উপজেলার পশ্চিম পাগলা ইউনিয়নের বাদউল্লাহপুর (মানিকপুর) গ্রামের একটি বাড়ি থেকে কাওসার আহমেদকে আটক করা হয়। জিজ্ঞাসাবাদে তিনি জানান, তার স্ত্রী কল্পনা বেগম নবজাতককে নিয়ে ছাতকে অবস্থান করছেন। পরে তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছাতক উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা বাজার জামে মসজিদ সংলগ্ন তার নানার বাড়িতে অভিযান চালিয়ে শুক্রবার ভোরে কল্পনা বেগমের কাছ থেকে নবজাতকটিকে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর পুলিশ নবজাতকটিকে পুনরায় ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। বর্তমানে শিশুটি দত্তকপ্রত্যাশী ফয়সল আহমদের স্ত্রী রোকসানা বেগমের তত্ত্বাবধানে হাসপাতালে রয়েছে বলে জানা গেছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা শাহ মোহাম্মদ শফিউর রহমান বলেন, নবজাতকটিকে দত্তক নিতে আগ্রহীদের আবেদন যাচাই-বাছাই করা হচ্ছে। নির্ধারিত প্রক্রিয়া অনুসরণ করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, দুই থানার সমন্বয়ে পরিচালিত অভিযানে অত্যন্ত চ্যালেঞ্জিং পরিস্থিতিতে নবজাতককে উদ্ধার করা হয়েছে। শিশুটির নিরাপত্তা ও সুষ্ঠু অভিভাবকত্ব নিশ্চিত করা জরুরি।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মহি উদ্দিন জানান, দত্তকপ্রত্যাশীদের আবেদন যাচাই করতে একটি কমিটি গঠন করা হবে। যোগ্যতা ও আইনগত বিষয় বিবেচনা করে নবজাতকের দায়িত্ব হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

ছাতক প্রতিনিধি