সড়কের পাশ থেকে নবজাতক উদ্ধার
- আপলোড সময় : ১০-০৬-২০২৬ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন
- আপডেট সময় : ১০-০৬-২০২৬ ১১:২৪:৫৩ পূর্বাহ্ন
ছাতক প্রতিনিধি ::
ছাতক উপজেলার আইন্দারগাঁও সড়কের পাশে পরিত্যক্ত অবস্থায় এক নবজাতক ছেলে শিশুকে উদ্ধার করেছেন সিএনজিচালিত অটোরিকশা চালক কাওছার আহমেদ। সোমবার (৮ জুন) সন্ধ্যা ৬টার দিকে ছাতক থেকে বাড়ি ফেরার পথে রাস্তার পাশ থেকে শিশুর কান্নার শব্দ শুনে গাড়ি থামান কাওছার। পরে তিনি সেখানে গিয়ে আনুমানিক ৭ দিন বয়সী নবজাতক শিশুটিকে উদ্ধার করেন। উদ্ধারকালে শিশুটির হাতে হাসপাতালের ব্যবহৃত কেনোলা লাগানো ছিল বলে জানা গেছে।
উদ্ধারকারী কাওছার আহমেদ দোয়ারাবাজার উপজেলার দোহালিয়া ইউনিয়নের শিবপুর (নোয়াগাঁও) গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে। তিনি শিশুটিকে তাৎক্ষণিকভাবে ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করেন।
ছাতক উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নুসরাত আরেফিন জানান, উদ্ধার হওয়া নবজাতক শিশুটিকে হাসপাতালে ভর্তি করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে। বর্তমানে তার শারীরিক অবস্থা স্থিতিশীল রয়েছে। তবে সম্পূর্ণ সুস্থতা নিশ্চিত করতে তাকে আরও ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হবে। শিশুটি সুস্থ হওয়ার পর যদি কেউ তার দায়িত্ব নিতে আগ্রহী হন, তাহলে সমাজসেবা অধিদপ্তর ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের আইনানুগ প্রক্রিয়ার মাধ্যমে বিষয়টি বিবেচনা করা হবে।
বর্তমানে শিশুটি উদ্ধারকারী কাওছার আহমেদের জিম্মায় হাসপাতালে ভর্তি রয়েছে এবং মেডিকেল কর্তৃপক্ষ তার চিকিৎসা চালিয়ে যাচ্ছেন।
এ বিষয়ে ছাতক থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান বলেন, শিশুটির প্রকৃত পরিচয় শনাক্ত এবং প্রয়োজনীয় অনুসন্ধানী কার্যক্রম চালিয়ে যাচ্ছি। এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হবে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

বিশেষ প্রতিনিধি