স্টাফ রিপোর্টার::
উৎপাদনশীলতা বৃদ্ধিতে উদ্ভাবন, প্রযুক্তি ও দক্ষতার সমন্বয় এই প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ উপলক্ষে সুনামগঞ্জে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
২ অক্টোবর (শুক্রবার) বেলা ১১ টায় জেলা প্রশাসন, সুনামগঞ্জের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা বলেন, বর্তমান বিশ্বায়নের যুগে টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে জাতীয় পর্যায়ে উৎপাদনশীলতা বৃদ্ধির কোনো বিকল্প নেই। এজন্য সনাতন পদ্ধতির বাইরে গিয়ে আধুনিক প্রযুক্তি, নিত্যনতুন উদ্ভাবন এবং মানবসম্পদের দক্ষতা উন্নয়নের ওপর জোর দিতে হবে।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সুনামগঞ্জের জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান বলেন, উৎপাদনশীলতা কেবল শিল্পকারখানার উৎপাদনের মধ্যে সীমাবদ্ধ নয়; কৃষি, সেবা, ব্যবসা-বাণিজ্যসহ অর্থনীতির প্রতিটি ক্ষেত্রে এর সঠিক প্রয়োগ জরুরি। সরকারি ও বেসরকারি খাতের সমন্বিত প্রচেষ্টায় আধুনিক প্রযুক্তি ও দক্ষতার সঠিক ব্যবহার নিশ্চিত করতে পারলে দেশ দ্রুত অর্থনৈতিকভাবে সমৃদ্ধ হবে।
জেলা প্রশাসনের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পরিচালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, পুলিশ সুপারের প্রতিনিধি, বিভিন্ন সরকারি দপ্তরের প্রধানগণ, বাংলাদেশ ক্ষুদ্র ও কুটির শিল্প কর্পোরেশনের (বিসিক) প্রতিনিধি, সুনামগঞ্জ প্রেসক্লাবের সভাপতিসহ জেলার বিভিন্ন ব্যবসায়ী সংগঠন ও সংশ্লিষ্ট অংশীজনেরা।
আলোচনা সভায় মুক্ত আলোচনায় অংশ নিয়ে অংশীজনরা জেলাভিত্তিক শিল্পোদ্যোগ, ক্ষুদ্র ও মাঝারি শিল্পের (SME) বিকাশ, বিসিক শিল্পনগরীর সম্ভাবনা এবং স্থানীয় উদ্যোক্তাদের প্রশিক্ষণ ও কারিগরি সহায়তা বৃদ্ধির ওপর জোর সুপারিশ তুলে ধরেন। সরকারি-বেসরকারি যৌথ উদ্যোাগের মাধ্যমে সুনামগঞ্জের অর্থনৈতিক সম্ভাবনাকে কাজে লাগানোর দৃঢ় অঙ্গীকারের মাধ্যমে সভার সমাপ্তি ঘটে।
নিউজটি আপডেট করেছেন : SunamKantha
জাতীয় উৎপাদনশীলতা দিবস-২০২৬ পালিত
- আপলোড সময় : ০২-১০-২০২৬ ০২:৩৪:২০ অপরাহ্ন
- আপডেট সময় : ০২-১০-২০২৬ ০২:৩৪:৫৯ অপরাহ্ন
কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ

স্টাফ রিপোর্টার, দৈনিক সুনামকণ্ঠ