ধর্মপাশা প্রতিনিধি ::
ধর্মপাশা উপজেলা সদরের ধর্মপাশা আশরাফুল উলুম হাফিজিয়া মাদ্রাসার হিফজ বিভাগের কক্ষ থেকে গত মঙ্গলবার রাতে একটি সৌরবিদ্যুতের ব্যাটারি চুরি হয়েছে। চোরেরা ওই মাদ্রাসার হিফজ বিভাগের কক্ষের জানালা ভেঙে ভেতরে ঢুকে একটি সৌরবিদ্যুতের ব্যাটারিটি চুরি করে নিয়ে গেছে।
মাদ্রাসার মোহতামিম হাফেজ হুজ্জাতুল্লাহ নাঈম বলেন, আমাদের মাদ্রাসাটি গত ২৫ মে থেকে ঈদুল আজহা উপলক্ষে বন্ধ রয়েছে। আমি দু’দিন পরপর মাদ্রাসাটি পরিদর্শন করে থাকি। বুধবার বেলা দুইটার দিকে মাদ্রাসায় গিয়ে হিফজ বিভাগের কক্ষের একটি জানালা ভাঙা অবস্থায় দেখি এবং কক্ষের ভেতরে ঢুকে দেখি সৌরবিদ্যুতের ব্যাটারিটি নেই। এ নিয়ে থানায় লিখিত অভিযোগ করা হবে।
ধর্মপাশা থানার ওসি মোহাম্মদ সহিদ উল্যা বলেন, এ সংক্রান্ত কোনো অভিযোগ আমি পাইনি। অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।