সুনামকণ্ঠ ডেস্ক ::
সিলেট নগরীতে ছিনতাই, হত্যাকা- ও কিশোর অপরাধের প্রবণতা বৃদ্ধি পাওয়ায় সুইচ গিয়ার চাকু ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার নিষিদ্ধ ঘোষণা করেছে সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি)। মঙ্গলবার (২ জুন) সিলেট মেট্রোপলিটন পুলিশের সদর দপ্তর থেকে জারি করা এক গণবিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মহানগর এলাকার জননিরাপত্তা ও আইনশৃঙ্খলা রক্ষার স্বার্থে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সুইচ গিয়ার চাকুর ক্রয়-বিক্রয়, বহন, মজুদ, সরবরাহ ও ব্যবহার স¤পূর্ণরূপে নিষিদ্ধ থাকবে।
এসএমপি সূত্র জানায়, সম্প্রতি নগরীতে ছিনতাই, কিশোর গ্যাংয়ের তৎপরতা, হামলা ও হত্যাকা-ের ঘটনায় সুইচ গিয়ার চাকুসহ বিভিন্ন ধরনের ধারালো অস্ত্র ব্যবহারের অভিযোগ পাওয়া গেছে। এসব ঘটনায় জনমনে উদ্বেগ সৃষ্টি হওয়ায় এবং অপরাধ দমনে কঠোর অবস্থানের অংশ হিসেবে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গণবিজ্ঞপ্তিতে আরও বলা হয়, কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠান এ আদেশ অমান্য করলে তার বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে নগরবাসীকে আইন মেনে চলার আহ্বান জানানো হয়েছে। একই সঙ্গে অভিভাবক ও ব্যবসায়ীদেরও এ বিষয়ে সচেতন থাকার অনুরোধ জানানো হয়েছে, যাতে কিশোরদের হাতে এ ধরনের বিপজ্জনক অস্ত্র পৌঁছাতে না পারে।
পুলিশের মতে, নগরীতে আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে এ নিষেধাজ্ঞা কার্যকর ভূমিকা রাখবে।