স্টাফ রিপোর্টার ::
শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বীর উত্তম-এর ৪৫তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা (জাসাস)-এর উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা জাসাসের আহ্বায়ক অধ্যক্ষ (অব.) শেরগুল আহমেদ। সভা সঞ্চালনা করেন সেলিম আহমেদ তালুকদার। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বাসস-এর সুনামগঞ্জ প্রতিনিধি সাংবাদিক মুহাম্মদ আমিনুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য (স্বাক্ষর ক্ষমতাপ্রাপ্ত) অ্যাডভোকেট আব্দুল হক, অ্যাড. মল্লিক মঈন উদ্দিন সোহেল, নাদির আহমেদ, সেলিম উদ্দিন আহমেদ, রেজাউল হক, আবুল মনসুর মোহাম্মদ শওকত প্রমুখ।
এছাড়াও জাসাস নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন বিশ্বম্ভরপুর উপজেলা জাসাসের সৈয়দ আহমেদ, দিরাই উপজেলা জাসাসের আহ্বায়ক সৈদুর রহমান তালুকদার এবং তাহিরপুর উপজেলা জাসাসের আহ্বায়ক মো. মোশারফ হোসেন।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা জাসাসের সদস্য সচিব মুনাজ্জির হোসেন সুজন, যুগ্ম আহ্বায়ক মানিক উল্লাহ, সুলেমান কবির, সদস্য তৌহিদ চৌধুরী প্রদীপ, সাইদুর রহমান তালুকদারসহ জেলার বিভিন্ন উপজেলা থেকে আগত জাসাসের নেতাকর্মীরা।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন মুসলিম বিশ্বের একজন উদীয়মান নেতা। তিনি মুসলিম বিশ্বকে ঐক্যবদ্ধ করার লক্ষ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এবং দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় অসামান্য অবদান রেখেছেন।
আলোচনা সভা শেষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মার মাগফেরাত কামনা এবং দেশ ও জাতির কল্যাণে বিশেষ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন জেলা জাসাসের যুগ্ম আহ্বায়ক প্রভাষক মানিক উল্লাহ।