ছাতক প্রতিনিধি ::
সিলেট-সুনামগঞ্জ মহাসড়কের ছাতক উপজেলার বড়কাপন পয়েন্টে যাত্রী ওঠানোকে কেন্দ্র করে সিএনজিচালিত অটোরিকশা ও বাসস্ট্যান্ড সংশ্লিষ্ট দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১২ জন আহত হয়েছেন। সংঘর্ষ চলাকালে ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয়।
মঙ্গলবার সকাল ১১টার দিকে বাস ও সিএনজি স্ট্যান্ডের ম্যানেজারদের মধ্যে যাত্রী ওঠানো নিয়ে কথাকাটাকাটির জেরে এ সংঘর্ষের সূত্রপাত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রথমে দুই পক্ষের মধ্যে বাগবিত-া শুরু হলেও একপর্যায়ে তা সংঘর্ষে রূপ নেয়। এ সময় উভয়পক্ষের সমর্থকরা দেশীয় অস্ত্র নিয়ে একে অপরের ওপর হামলা চালায়। সংঘর্ষের ঘটনায় এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক দেখা দেয়।
সংঘর্ষে আহতদের স্থানীয় হাসপাতাল ও বিভিন্ন বেসরকারি ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে। তবে তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি।
এদিকে সংঘর্ষের সময় ১০টি সিএনজিচালিত অটোরিকশা ভাঙচুর করা হয় বলে স্থানীয়রা জানিয়েছেন।
ছাতক থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়। ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।