স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলায় বিয়ের অনুষ্ঠান শেষে নববধূকে নিয়ে ফেরার পথে ইঞ্জিনচালিত নৌকা ডুবে ওবায়দুল্লাহ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ১৫ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করে স্থানীয়রা। গত শনিবার (৩০ মে) সকালে উপজেলার উত্তর শ্রীপুর ইউনিয়নের নোয়াবন্দ গ্রামের হাওর থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। নিহত ওবায়দুল্লাহ উপজেলার বালিয়াঘাটা গ্রামের তৌহিদনূর শাহ নবাবের একমাত্র সন্তান বলে জানা গেছে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শুক্রবার (২৯ মে) উত্তর শ্রীপুর ইউনিয়নের টাঙ্গুয়ার হাওর এলাকায় বালিয়াঘাটা গ্রাম থেকে একটি বিয়ের বরযাত্রী দল ইঞ্জিনচালিত ছোট নৌকায় কনের বাড়ি নোয়াবন্দ গ্রামে যায়। বিয়ের আনুষ্ঠানিকতা শেষে বিকেলে নববধূকে নিয়ে ফেরার পথে হাওরের পানিতে নৌকাটি উল্টে যায়।
ঘটনার সময় নৌকায় থাকা অন্যান্য যাত্রীদের দ্রুত উদ্ধার করা গেলেও শিশু ওবায়দুল্লাহ পানিতে ডুবে নিখোঁজ হয়। তাৎক্ষণিকভাবে স্থানীয়রা তাকে উদ্ধারের চেষ্টা চালালেও রাতভর খোঁজ মেলেনি। পরে শনিবার সকালে আবারও তল্লাশি চালালে নোয়াবন্দ গ্রামের হাওর এলাকা থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়।