স্টাফ রিপোর্টার ::
নিষেধাজ্ঞা থাকার পরও হাওরে উচ্চ শব্দে মাইকে গানবাজনা ও হইহুল্লোড় করায় পর্যটকবাহী ছয়টি নৌকার মালিককে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ১৪টি সাউন্ড বক্স জব্দ এবং ৬ জনকে আটক করা হয়েছে। গত রোববার বিকেলে হাওরে অভিযান চালিয়ে এ ব্যবস্থা নেয় প্রশাসন।
স্থানীয় প্রশাসন ও বাসিন্দাদের সূত্রে জানা গেছে, হাওরে পানি বৃদ্ধি পাওয়ায় পর্যটকেরা আসতে শুরু করেছেন। বিলাসবহুল হাউসবোটের পাশাপাশি স্থানীয় নৌকায় করেও দল বেঁধে আসছেন তারা। তবে হাওরে ঘুরে বেড়ানোর ক্ষেত্রে প্রশাসনের যেসব নির্দেশনা রয়েছে, সেগুলো অনেকেই মানছেন না। এসব নির্দেশনার মধ্যে অন্যতম হলো উচ্চ শব্দে মাইকে গানবাজনা না করা এবং প্রকৃতি ও পরিবেশের ক্ষতি হয় - এমন কোনো কাজ থেকে বিরত থাকা।
গত শনিবার হাওরে একদল তরুণ নৌকায় করে ঘুরতে যান। ফেরার পথে নৌকার ছাদে তারা উচ্চ শব্দে মাইকে বাজানো গানের তালে নেচে-গেয়ে আনন্দ করছিলেন। এ সময় তামিম নামের এক কিশোর পানিতে পড়ে নিখোঁজ হয়। পরদিন রোববার বিকেলে পানিতে তার লাশ ভেসে ওঠে।
গত রবিবার বিকেলে তাহিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেহেদী হাসান মানিকের নেতৃত্বে হাওরে অভিযান চালানো হয়। এ সময় ছয়টি নৌকায় থাকা সাউন্ড বক্স জব্দ করা হয় এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের জরিমানা করা হয়।