স্টাফ রিপোর্টার ::
তাহিরপুর উপজেলার টাঙ্গুয়ার হাওর সংলগ্ন পাটলাই নদী থেকে নিখোঁজ পর্যটক তামিম (১৬)-এর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিখোঁজ হওয়ার প্রায় ২৪ ঘণ্টা পর গত রোববার বিকেলে ঘটনাস্থলের অদূরে নদী থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করেন স্থানীয়রা। নিহত তামিম ধর্মপাশা উপজেলার ঘলুয়া গ্রামের মজিবুর মিয়ার ছেলে।
জানা যায়, শনিবার দুপুরে প্রায় ৬০ জনের একটি পর্যটক দল ‘মা-বাবার দোয়া’ নামের একটি নৌকায় টাঙ্গুয়ার হাওর ও ট্যাকেরঘাটের নিলাদ্রী লেক ভ্রমণে আসেন। ভ্রমণ শেষে বাড়ি ফেরার পথে পাটলাই নদীতে চলন্ত নৌকা থেকে হঠাৎ পানিতে পড়ে নিখোঁজ হন তামিম। ঘটনার পর তার সঙ্গে থাকা পর্যটক, স্থানীয় বাসিন্দা, ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও পুলিশ যৌথভাবে উদ্ধার অভিযান চালালেও তাকে খুঁজে পাওয়া যায়নি। পরে রোববার বিকেলে ঘটনাস্থলের কাছাকাছি নদীতে তার মরদেহ ভেসে উঠলে স্থানীয়রা তা উদ্ধার করেন।
তাহিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, নিখোঁজ পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়েছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।