বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসনের অনন্য উদ্যোগ

ইউএনওর সহায়তা পেলেন দুর্ঘটনায় নিহত ৮ পরিবারের সদস্যরা

আপলোড সময় : ০২-০৬-২০২৬ ১২:১২:২৩ পূর্বাহ্ন , আপডেট সময় : ০২-০৬-২০২৬ ১২:১৪:০৯ পূর্বাহ্ন
হাসান বশির::
কেউ হারিয়েছেন স্বামী, কেউ সন্তান, কেউবা পরিবারের একমাত্র উপার্জনক্ষম সদস্যকে। ঈদ এলেই যে মানুষগুলো পরিবারের জন্য নতুন পোশাক, বাজার-সদাই আর আনন্দের আয়োজন করতেন, এবার তারাই নেই। তাদের অনুপস্থিতিতে শোক আর অনিশ্চয়তায় দিন কাটছে পরিবারের সদস্যদের। এমনই আটটি শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে বিশ্বম্ভরপুর উপজেলা প্রশাসন। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সম্প্রতি সড়ক দুর্ঘটনা, বজ্রপাত, বিদ্যুৎস্পৃষ্ট, হত্যাকান্ড ও বালুচাপায় নিহত ব্যক্তিদের পরিবারের সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।
গত রবিবার উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এসব পরিবারের সদস্যদের হাতে খাদ্যসামগ্রী ও নগদ অর্থ তুলে দেন বিশ্বম্ভরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মেরিনা দেবনাথ। উপহারসামগ্রীর মধ্যে ছিল ময়দা, চিনি, পেঁয়াজ, রসুন, আলু, সয়াবিন তেল, মসুর ডালসহ প্রয়োজনীয় নিত্যপণ্য। পাশাপাশি যাতায়াত ব্যয় নির্বাহের জন্য নগদ অর্থও প্রদান করা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিশ্বম্ভরপুর উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আশিকুর রহমানসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা। উপহারপ্রাপ্ত পরিবারগুলোর মধ্যে রয়েছে সড়ক দুর্ঘটনায় নিহত পলাশ ইউনিয়নের মুক্তিখলা গ্রামের আব্দুল গফফারের ছেলে সহোদর আজির উদ্দিন ও আমির উদ্দিনের পরিবার, বজ্রপাতে নিহত মুক্তিখলা গ্রামের ফজর আলীর ছেলে ইমদাদুল ইসলামের পরিবার, বিদ্যুৎস্পৃষ্টে নিহত বাদাঘাট দক্ষিণ ইউনিয়নের সোনাপুর গ্রামের আজিজুর রহমানের ছেলে শাহিনুর মিয়ার পরিবার, হত্যাকান্ডের শিকার মিয়ারচর গ্রামের ইসমাইল মিয়ার ছেলে আগজর আলীর পরিবার, বালুচাপায় নিহত বাগগাঁও গ্রামের কদ্দুছ মিয়ার ছেলে লিয়াকত মিয়ার পরিবার, হত্যাকান্ডের শিকার সলুকাবাদ ইউনিয়নের চালবন গ্রামের মানিক মিয়ার ছেলে আনছর আলীর পরিবার এবং বালুচাপায় নিহত মিয়ারচর গ্রামের শাহ আলমের পরিবার।
অনুষ্ঠানে ইউএনও মেরিনা দেবনাথ বলেন, যাদের হারিয়েছে এই পরিবারগুলো, তাদের শূন্যতা কখনো পূরণ হওয়ার নয়। তবে ঈদের আনন্দের সময়ে তারা যেন একেবারে অসহায় বোধ না করেন, সেই মানবিক দায়বদ্ধতা থেকেই উপজেলা প্রশাসনের এই ক্ষুদ্র উদ্যোগ। উপহার গ্রহণ করতে এসে অনেক স্বজনই আবেগাপ্লুত হয়ে পড়েন। কেউ চোখের জল লুকিয়েছেন, কেউ আবার স্মরণ করেছেন হারিয়ে যাওয়া প্রিয় মানুষটির কথা। ঈদের আনন্দ যখন চারদিকে, তখন তাদের ঘরে নেমে এসেছে নীরবতা। সেই নীরবতার মাঝেই উপজেলা প্রশাসনের এই উদ্যোগ কিছুটা হলেও মানবিক সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়েছে শোকাহত পরিবারগুলোর কাছে।

সম্পাদকীয় :

  • সম্পাদক মন্ডলীর সভাপতি : মো. জিয়াউল হক
  • সম্পাদক ও প্রকাশক : বিজন সেন রায়
  • বার্তা ও বাণিজ্যিক কার্যালয় : মোক্তারপাড়া রোড, সুনামগঞ্জ-৩০০০।

অফিস :

  • ই-মেইল : [email protected]
  • ওয়েবসাইট : www.sunamkantha.com