স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ ভারতীয় ফুচকা ও জিরাসহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ। এ সময় একটি ট্রাক জব্দ করা হয়। তবে ডিবি পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও তিনজন ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন কুমিল্লা জেলার দাউদকান্দি থানার চাওরারচর গ্রামের বাসিন্দা মো. সোহাগ (২২)। পলাতকরা হলেন- রাসেল (৩৫), রাইসুল ইসলাম (৩০) ও ডালিম (৪৫)।
সোমবার (২৫ মে) সকাল সাড়ে ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শহরের ওয়েজখালিস্থ জেলা পুলিশ লাইন্সের মসজিদ গেইট সংলগ্ন সুনামগঞ্জ-সিলেট সড়কে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন ডিবির এসআই মো. মাহমুদুল হাসান। এ সময় তার সঙ্গে ছিলেন এএসআই খাদেমুল ইসলাম, এএসআই রাশেদ খাঁন ও কনস্টেবল দীপক মুন্ডা।
ডিবি পুলিশ জানায়, অভিযানে ৫ হাজার ৫২০ প্যাকেট অবৈধ ভারতীয় ফুচকা উদ্ধার করা হয়, যার আনুমানিক বাজার মূল্য ১৯ লাখ ৩২ হাজার টাকা। এছাড়া সাত বস্তা ভারতীয় জিরা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য দুই লাখ ১০ হাজার টাকা। একই সঙ্গে একটি পুরাতন নীল রঙের ট্রাক জব্দ করা হয়েছে।
গ্রেফতারকৃত সোহাগ উদ্ধারকৃত পণ্য আমদানির কোনো বৈধ কাগজপত্র দেখাতে পারেননি। প্রাথমিক তদন্তে জানা গেছে, শুল্ক ফাঁকি দিয়ে চোরাচালানের মাধ্যমে এসব ভারতীয় পণ্য বাংলাদেশে আনা হয়েছে।
এ ঘটনায় বিশেষ ক্ষমতা আইনে সুনামগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।