স্টাফ রিপোর্টার ::
পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ করেছে সামাজিক স্বেচ্ছাসেবী সংগঠন বিশ্বজন। শনিবার বিকেলে শহীদ মুক্তিযোদ্ধা জগৎজ্যোতি পাবলিক লাইব্রেরি প্রাঙ্গণে সংগঠনের নিজস্ব অর্থায়নে অর্ধশতাধিক ছিন্নমূল ও সুবিধাবঞ্চিত শিশুর হাতে নতুন কাপড় তুলে দেওয়া হয়। এতে শিশুদের মাঝে ঈদের আনন্দ ছড়িয়ে পড়ে।
সংগঠনের সভাপতি মাহবুবা জেবার সভাপতিত্বে এবং সাধারণ স¤পাদক ওবায়দুল হক ও বর্ণা দাশের যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন জেলা প্রশাসক মোহাম্মদ মিনহাজুর রহমান। তিনি বলেন, ভালো কাজের সঙ্গে সবাইকে স¤পৃক্ত হওয়া উচিত। বিশ্বজন আজ যে উদ্যোগ নিয়েছে তা অত্যন্ত প্রশংসনীয়। সমাজের বিত্তবানরা যদি এভাবে এগিয়ে আসেন, তাহলে সমাজে কেউ অবহেলিত থাকবে না। তিনি আরও বলেন, ছিন্নমূল মানুষের মাঝে ঈদের নতুন পোশাক বিতরণ একটি ব্যতিক্রমধর্মী মানবিক উদ্যোগ। এ আয়োজনের সঙ্গে সংশ্লিষ্ট সবাইকে তিনি ধন্যবাদ জানান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মতিউর রহমান খান, সিভিল সার্জন ডা. জসিম উদ্দিন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ-পরিচালক নিবাস রঞ্জন দাস, সংগঠনের উপদেষ্টা নূরুল হাসান আতাহের, সুপ্রভা রাণী কর, কামরুজ্জামান কামরুল, কুদরত পাশা এবং সংগঠনের প্রতিষ্ঠাতা কর্ণ বাবু দাসসহ সংগঠনের অন্যান্য সদস্যরা।
আয়োজকরা জানান, ঈদের দিন ছিন্নমূল মানুষের মাঝে উন্নতমানের খাবার পরিবেশনের উদ্যোগও নেওয়া হয়েছে।