ছাতক প্রতিনিধি ::
ছাতকে পূর্ব বিরোধের জের ধরে দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনায় কমপক্ষে ৪০ জন আহত হয়েছেন। উপজেলার উত্তর খুরমা ইউনিয়নের আমেরতল গ্রামে শনিবার সকাল ৯টায় এ সংঘর্ষের ঘটনা ঘটেছে। প্রায় ঘণ্টাব্যাপী সংঘর্ষ চলাকালে পুরো গ্রামজুড়ে ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয়রা জানান, গ্রামের মনির উদ্দিন ও কফিল উদ্দিন সমর্থকদের মধ্যে দীর্ঘদিনের বিরোধ চলছে। এর জেরে শনিবার সকালে দুই পক্ষের লোকজনের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। একপর্যায়ে উভয়পক্ষ দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে গ্রামের মাঠে সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে পুরো গ্রাম রণক্ষেত্রে পরিণত হয়।
সংঘর্ষে আহত অন্তত ৩০ জনকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া অন্যান্য আহতদের উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্যকেন্দ্রে চিকিৎসা দেওয়া হয়েছে।
গ্রামের একাধিক লোকজন জানান, এর আগেও বিভিন্ন সময়ে ঐ দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। দীর্ঘদিন ধরে চলে আসা বিরোধ ও সংঘর্ষের ঘটনায় আদালতে পাল্টাপাল্টি মামলা বিচারাধীন রয়েছে।
ছাতক থানার ওসি মিজানুর রহমান বলেন, সংঘর্ষের ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। এখন পরিস্থিতি শান্ত রয়েছে। এলাকার আইনশৃঙ্খলার অবস্থা স্বাভাবিক রাখতে গ্রামে পুলিশ মোতায়েন করা হয়েছে।