স্টাফ রিপোর্টার ::
সুনামগঞ্জ পৌর শহরের ৪টি ফার্মেসিকে মোট ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সুনামগঞ্জ সদর হাসপাতালের সামনে এবং সিভিল সার্জন কার্যালয় সংলগ্ন এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে নেতৃত্ব দেন সুনামগঞ্জ জেলা প্রশাসনের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান।
অভিযান চলাকালে সদর হাসপাতালের সামনে অবস্থিত সেবা ফার্মেসিকে ৪০ হাজার টাকা, মৌসুমী মেডিসিন সেন্টারকে ৩০ হাজার টাকা এবং মেডিসিন সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সিভিল সার্জন কার্যালয়ের সামনে অবস্থিত হেলথ কেয়ার ফার্মেসিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
বিভিন্ন অনিয়মের দায়ে এসব প্রতিষ্ঠান থেকে মোট ৯৫ হাজার টাকা অর্থদ- আদায় করা হয়েছে। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যসহ জেলা প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাকিবুর রহমান বলেন, ওষুধের গুণগত মান নিশ্চিত করা, লাইসেন্স যাচাই, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রি বন্ধ এবং জনস্বাস্থ্য সুরক্ষায় জেলা প্রশাসনের নজরদারি ও মোবাইল কোর্ট কার্যক্রম নিয়মিত অব্যাহত থাকবে।